পবা প্রতিনিধি : রাজশাহীর পবায় উপজেলা কালেক্টরেট সহকারীগণ পদ-পদবী পরিবর্তন ও বেতন স্কেল উন্নীতকরণের দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছে। গতকাল বুধবারও সকাল থেকে বিকেল পর্যন্ত কালেক্টরেট সহকারিগণ উপজেলা প্রশাসন ভবনে অবস্থান নিয়ে এ কর্মবিরতি পালন করেন। এসময় উপস্থিত ছিলেন, কালেক্টরেট সহকারী সমিতির রাজশাহী জেলা শাখার সভাপতি ও পবা উপজেলা অফিস সুপার আব্দুল মান্নান মিজি, পবা উপজেলা ইউএনও অফিসের সিএ কাম ইউডিএ মো. কামরুল ইসলাম, স্ট্যানো টাইপিষ্ট সিরাজুম মনিরা, হিসাব সহকারি মিতা রাণী, জামিল আকতার প্রমুখ।
এসময় কালেক্টরেট সহকারিগণ বলেন, দীর্ঘ ২১ বছর ধরে কালেক্টরেট সহকারিদের পদ-পদবী পরিবর্তন এবং বেতন স্কেল উন্নীতকরণের দাবি এখনও বাস্তবায়ন হয়নি। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যে অনুমোদন দেওয়া হয়েছে সেটি দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা। এছাড়াও দ্রুত এই দাবি মানা না হলে আগামী ২৪ মার্চ পর্যন্ত কর্মবিরতি পালনের হুঁশিয়ারি দেন তারা। এদিকে কর্মবিরতির ফলে সাধারণ লোকজন জন্মনিবন্ধনসহ বিভিন্ন সেবামূলক কাজে হয়রানির শিকার হচ্ছেন। উপজেলা প্রশাসনে এক রকম স্থবিরতা দেখা দিয়েছে।