মান্দা প্রতিনিধি : নওগাঁর মান্দায় আন্তঃউপজেলা ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাত ৭টায় এ খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আয়োজিত প্রতিযোগিতায় ১৬টি দল অংশগ্রহণ করে। টুর্ণামেন্ট আয়োজক কমিটির সভাপতি অরুণ কুমার মন্ডলের সভাপতিত্বে খেলার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক অ্যাড. নাহিদ মোর্শেদ বাবু,
উপজেলা ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিজয় কুমার রায়, সাবেক ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা প্রমূখ। খেলায় নওগাঁ জেলার মান্দা, মহাদেবপুর ও সাপাহার, রাজশাহী জেলার রাজশাহী সদর, তানোর, পুঠিয়া, চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ও বগুড়ার নন্দীগ্রাম উপজেলাসহ ১৬টি দল অংশ নেয়।
খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রাজশাহী সদর উপজেলা। এছাড়া রানার্সআপ হয়েছে রাজশাহী জেলার তানোর উপজেলা ও তৃতীয়স্থান লাভ করে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার একটি দল। রাতভর খেলা শেষে বিজয়ী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মান্দা উপজেলা ব্যাডমিন্টন টুর্ণামেন্ট একাদশ এ খেলার আয়োজন করে।