এফএনএস : বেসরকারি শিক্ষক নিয়োগের বিশেষ বিজ্ঞপ্তির পরিবর্তে বয়স বিবেচনায় ৪র্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানিয়েছে ১৬তম শিক্ষক নিবন্ধিত প্রার্থীরা। এ সময় তারা দাবি করেন, পদ শূন্য থেকে যাওয়া রক্ষার্থে মুজিববর্ষে ইনডেক্সধারী মুক্ত চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। গতকাল রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘৪র্থ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী শিক্ষক নিবন্ধন ফোরামে’র ব্যানারে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে তারা এই দাবি জানায়।
ফোরামের সভাপতি মো. রাশেদ অর্ণব বলেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএন) নিয়ম অনুযায়ী চাকরি প্রার্থীর বয়স ৩৫ হয়ে গেলে আর শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার আবেদন করতে পারবে না। আমরা এনটিআরসি পরীক্ষায় পাশ করেছি এবং চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে দেরি করায় ইতোমধ্যে আমাদের অনেকের বয়স ৩৫ পার হয়ে গিয়েছে।
তাই দ্রুত চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এবং নিবন্ধিত যাদের বয়স ৩৫ পার হয়ে গিয়েছে তাদের নিয়োগ দিয়ে চাকরি নিশ্চিতের দাবি জানাই। অবস্থান কর্মসূচি শেষে দুপুর ২টা থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ের সামনেও অবস্থানে বসবেন বলে আন্দোলনকারীরা ঘোষণা দেন।