শনিবার

২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ

চিহ্নিত কয়েকজন বিদেশে অপপ্রচার করছেন: তথ্যমন্ত্রী

Paris
Update : শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২

এফএনএস : যারা বিদেশে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন তাদের মধ্যে চিহ্নিত কয়েকজন আছেন, তারা ক্রমাগত এ কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিদেশে বসে যারা দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন তাদের পাসপোর্ট বাতিল করা হবেÑএরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাদের কোনো তালিকা সরকারের কাছে আছে কিনা জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, যারা বিদেশে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন, দেশবিরোধী নানা ষড়যন্ত্র করছেন, দেশে হানাহানি লাগানোর জন্য অপপ্রচার চালান, বিদেশিদের কাছে অপপ্রচার চালান; সেগুলো তো রাষ্ট্রদ্রোহী কার্যক্রম।

সুতরাং কেউ যদি রাষ্ট্রদ্রোহী কার্যক্রম করেন বা যুক্ত থাকেন, রাষ্ট্র তার পাসপোর্ট বাতিল করতে পারে। সেই সিদ্ধান্ত গত বুধবার আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্তিসভা কমিটির সভায় নেওয়া হয়েছে। কারা এগুলো করেন আমরা অনেকটা জানি। আরও কারা কারা এর সঙ্গে যুক্ত তাদেরও তালিকা করা হবে। তালিকায় কারা আছে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, সেটি এখানে বলার বিষয় নয়। কারা এগুলো করছেন আমরা জানি, আপনারাও জানেন।

অনেক লোক এ কাজগুলো করছেন। কিন্তু চিহ্নিত কয়েকজন আছেন যারা ক্রমাগত এ কাজগুলো করে যাচ্ছেন। গত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বিদেশে থেকে অনেক লোক এমন মিথ্যাচার করছেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে বলতে পারেন কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধেও, রাষ্ট্রদ্রোহী। ব্যক্তির বিরুদ্ধে বলতেই পারেন। আরেকটা হচ্ছে রাষ্ট্রও ক্ষতিগ্রস্ত হয়। তিনি বলেন, রাষ্ট্রবিরোধী যেসব কাজ বিদেশে বসে যারা করছেন, তাদের যেন পাসপোর্ট বাতিল করা হয়, সেজন্য আমরা পরামর্শ দিয়েছি তাদের তালিকা প্রস্তুত করা হোক, তথ্য-উপাত্ত সংগ্রহ করে কী কী করছে, রাষ্ট্রবিরোধী কী কাজ করলো, সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে যদি দেখা যায় তারা সক্রিয়ভাবে অব্যাহতভাবে এই কাজ করে যাচ্ছেন, তাদের পাসপোর্ট বাতিলের জন্য উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

যে দেশে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হয়, সে দেশ মানবাধিকার নিয়ে বিশ্বব্যাপী কথা বলার অধিকার রাখে কি-না এমন প্রশ্ন তুলে তথ্যমন্ত্রী বলেন, আমরা দেখতে পাচ্ছি বিএনপি গত কিছুদিন ধরে বেগম খালেদা জিয়ার মুক্তি ও তাকে বিদেশ পাঠানোর দাবিতে সমাবেশ করছে। সমাবেশ করতে গিয়ে বিভিন্ন জায়গায় মারামারি হচ্ছে। চেয়ার ভাঙচুর হচ্ছে। গত বুধবার আরও একধাপ এগিয়ে মঞ্চটাই ভেঙে ফেলেছে। যে মঞ্চে দাঁড়িয়ে নেতারা বক্তৃতা করবেন সেটা তাদের মারামারিতে ভেঙে গেছে। তিনি বলেন, চট্টগ্রামে যেখানে সমাবেশ ছিল সেখানে সংসদ সদস্য সরোয়ার জামান নিজামকে টেনে-হিঁচড়ে মঞ্চ থেকে নামানো হয়েছে।

যারা সঠিকভাবে নিজেদের সমাবেশ করতে পারে না, মারামারি করে, মঞ্চ ভেঙে ফেলে, তারা যদি দেশ পরিচালনার দায়িত্ব পায় তাহলে দেশটাই ভেঙে ফেলবে। তিনি বলেন, গতকাল (গত বুধবার) জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা যে বিবৃতি দিয়েছেন, সেটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্রে কিভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়। সে বিবৃতিতে এটিও বলা হয়েছে যে দেশটি সারা পৃথিবীতে মানবাধিকার রক্ষা করার কথা বলে। অথচ তাদের দেশে যে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হয়, তার উদাহরণ হচ্ছে গুয়ানতানামো বে কারাগার। যে দেশে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হয়, সে দেশ আসলে মানবাধিকার নিয়ে বিশ্বব্যাপী কথা বলার অধিকার কতটুকু রাখেÑএ নিয়ে প্রশ্ন থেকে যায়।


আরোও অন্যান্য খবর
Paris