নওগাঁ প্রতিনিধি : নওগাঁ হানাদার মুক্ত দিবস উপলক্ষে গতকাল শনিবার দুপুরে শহরের এটিএম মাঠে স্থানীয় সংগঠন ‘একুশে পরিষদ নওগাঁ’র আয়োজনে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলার ধামইরহাট উপজেলার প্রত্যন্ত এলাকার পরিচিত মুখ কিশোরী ঘোড়সওয়ারী তাসমিনা আক্তারসহ বিভিন্ন উপজেলা থেকে ৩২টি ঘোড়সওয়ারী খেলায় অংশ নিতে আসেন। এসময় ঘোড়া দৌড় উপভোগ করতে শিশু বৃদ্ধ, নারী পুরুষসহ নানা শ্রেণি-পেশার মানুষ আসে। ঘোড়া দৌড় প্রতিযোগিতা উপভোগ করে কায়েস উদ্দিন জানান, ঘৌড় দৌড় একটি আন্তর্জাতিক মানের খেলা। আগে অনেক ঘোড়াদৌড় খেলা হতো। এখন আর খেলা দেখাই যায় না। চমৎকার এই খেলা দেখে খুব আনন্দ পেয়েছি।
ঘোড়সওয়ারী তাসমিনা আক্তার বলেন, আমি দেশের বিভিন্ন জায়গায় ঘৌড় দৌড় প্রতিযোগীতায় অংশ নিয়েছি এবং প্রথম হয়েছি। আজকের খেলায়ও অংশগ্রহণ করতে পেরে আমাকে খুবই ভালো লাগছে। তাসমিনা বলেন ঘোড়া দেখে অনেক মেয়েরাই ভয় পায়। আমি যে আজকে ঘোড় দৌড় প্রতিযোগিতা অংশ নিচ্ছি এইটা দেখে যেন অন্য মেয়েরাও ঘোড় দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে পারে সেটি আমার মূল লক্ষ্য। মেয়েরাও কোন জায়গায় পিছিয়ে থাকবে না।
মাান্দার কুলিহার থেকে আসা ঘাড়া-দৌড় প্রতিযোগী শফিকুল ইসলাম বলেন, ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে আয়োজকদের পাশাপাশি আমাদেরও অনেক টাকা খরচ হয়। দূর দূরান্তে ঘোড়া নিতে অন্য গাড়ি ভাড়া করতে হয়। এছাড়াও ঘোড়া লালন পালনের খরচতো আছেই। তারপরও আমার দাবি এ ধরনের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা যাতে বার বার আয়োজন করা হয়। তাহলে আমাদের ঘোড়া লালন পালন ও প্রতিযোগিতায় অংশ নিতে আমাদের আগ্রহের সৃষ্টি হবে।
আয়োজক কমিটির সভাপতি ডিএম আব্দুল বারী জানান, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টি কালচার আমরা তুলে ধরতে চাই। তারই ধারাবাহিকতায় আমরা আজ এই খেলার আয়োজন করেছি। ঘৌড় দৌড় প্রতিযোগীতার আগে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন। সংগঠনের সভাপতি এ্যাড. ডি এম আব্দুল বারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিনসহ প্রমুখ।