রাবির ‘বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক’ হলেন সনৎ কুমার
রাবি প্রতিনিধি : প্রথমবারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ‘বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক’ মনোনীত হয়েছেন রবীন্দ্র গবেষক ও বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সনৎ কুমার সাহা। আগামী দুই বছরের জন্য তাকে এ পদে মনোনীত করা হয়েছে বলে জানা গেছে। গত শনিবার (১১ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ৫০৯ তম সিন্ডিকেট সভায় তাকে এই পদে মনোনীত করা হয়। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য সাদিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
বাংলাদেশ, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলা সাহিত্য নিয়ে গবেষণায় বিশেষ অবদান রাখায় তাকে এ পদ দেয়া হয়েছে বলে জানা গেছে। সাদিকুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক মনোনীত করতে ৭ সদস্যের একটি কমিটি গঠন করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ কমিটি ‘বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক’ নীতিমালা অনুসারে বিশিষ্ট গবেষক অধ্যাপক সনৎ কুমার সাহার নাম প্রস্তাব করেন। যা আজ ৫০৯ তম সিন্ডিকেট সভায় পাস হয়। বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ‘বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক’ পদ চালু হলো।
