২৮ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শচীন-সোবার্স-ইমরান-ওয়াসিমদের দলে মুশফিক

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২১, ১:১৬ পূর্বাহ্ণ | বিভাগ: খেলার খবর
শচীন-সোবার্স-ইমরান-ওয়াসিমদের দলে মুশফিক
বিজ্ঞাপন

এফএনএস : কিশোর বয়সে অভিষেকের পর থেকে যারা আলো ছড়িয়েছেন, ছড়াচ্ছেন তাদের নিয়ে সেরা টেস্ট একাদশ গঠন করেছে বিখ্যাত ক্রিকেট সাময়িকী উইজডেন। জনপ্রিয় এই সাময়িকীর গড়া এই দলে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। দলটির নেতৃত্বে আছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। একাদশে সুযোগ পাওয়া ক্রিকেটাররা কিশোর বয়সে কেমন খেলেছেন, সেই পরিসংখ্যান এখানে বিবেচনা করা হয়নি। তাদের গোটা ক্যারিয়ার কেমন গেছে, কেমন যাচ্ছে- সেই আলোকেই মূলত একাদশ গঠন করা হয়েছে।

ক্রিকেট সাময়িকী উইজডেনের কিশোর একাদশে সুযোগ পাওয়া ক্রিকেটারদের মধ্যে এখনও ক্রিকেট খেলছেন, এমন খেলোয়াড় মুশফিক ছাড়া আছেন কেবল প্যাট কামিন্স। এ ছাড়া ক্রিকেট ইতিহাসের বেশ কয়েকজন মহাতারকা আছেন এই একাদশে। তাদের মধ্যে অন্যতম ভারতীয় ব্যাটিং জিনিয়াস শচীন টেন্ডুলকার, ক্যারিবিয়ান গ্রেট গ্যারি সোবার্স এবং পাকিস্তানের দুই কিংবদন্তি ইমরান খান ও ওয়াসিম আকরাম। মুশফিককে সেরা একাদশে রাখার ব্যাখ্যায় উইজডেন জানিয়েছে, ‘তরুণ বয়স থেকেই অসাধারণ খেলে যাচ্ছেন মুশফিক।

নিজের ধারাবাহিকতার নিদর্শনস্বরূপ তিনি বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। ছোটখাটো গড়নের এই ক্রিকেটার একমাত্র উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে তিনটি ডাবল সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন। বাংলাদেশ ২০০ রানের বেশি যত স্কোর করেছে, সেখানে তার ৬০ শতাংশ করে রান।’ ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে টেস্ট অভিষেক হয় মুশফিকের। এখন পর্যন্ত ৭০টি টেস্ট খেলেছেন তিনি। ১৩০ ইনিংস ব্যাট করে ৩৬.৪৭ গড়ে তার সংগ্রহ ৪ হাজার ৪১৩ রান। ৭ সেঞ্চুরি ও ২১ ফিফটির পাশাপাশি আছে তিনটি ডাবল সেঞ্চুরি। ২১৯ রান তার সর্বোচ্চ ইনিংস।

২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে ক্যারিয়ার সর্বোচ্চ ইনিংসটি খেলেন মুশফিক। উইজডেনের সেরা কিশোর একাদশের একজন হতে পেরে দারুণ সম্মানিত বোধ করছেন মুশফিক। নিজের ফেসবুকে সেই অনুভূতি প্রকাশ করেছেন তিনি এভাবে, ‘আলহামদুলিল্লাহ। এত কিংবদন্তির সঙ্গে এই দলের একজন হতে পারা দারুণ অনুভূতির। উইজডেনের সেরা কিশোর টেস্ট একাদশের অংশ হয়ে আমি সত্যিই সম্মানিতবোধ করছি।’ উইজডেনের সেরা কিশোর একাদশ: ইমরান খান (অধিনায়ক), শচীন টেন্ডুলকার, নেইল হার্ভে, ডেনিস কম্পটন, মার্টিন ক্রো, গ্রায়েম পোলক, গ্যারি সোবার্স, মুশফিকুর রহিম (উইকেটকিপার), অনিল কুম্বলে, ওয়াসিম আকরাম, প্যাট কামিন্স।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন