এফএনএস : ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টে ওয়ার্নারের খেলা নিয়ে সংশয় ছিল। কিন্তু শেষ দুই টেস্টের জন্য ঘোষিত দলে ঠিকই জায়গা ফিরে পেয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার। তার ফিরে আসায় বাদ পড়েছেন জো বার্নস। চোটের কারণে দুই টেস্টে খেলা হয়নি ওয়ার্নারের। মূলত সেরে ওঠার প্রক্রিয়াটা ছিল ধীর গতির। সে জন্য তার ফেরা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন কোচ জাস্টিন ল্যাঙ্গারও। এই সময়ে ওয়ার্নারের না থাকাটা বেশ ভালোই ভুগিয়েছে দলকে। দুই টেস্টেই ওপেনিংয়ে বড় পার্টনারশিপ পায়নি অজিরা। প্রথম টেস্ট জিতে গেলেও দ্বিতীয় টেস্টে আর পারেনি। ভারতের কাছে হেরে যেতে হয়েছে ৮ উইকেটে। এই অবস্থায় স্বাভাবিকভাবেই শক্তি বাড়ানোর চিন্তা করেছে অজিদের টিম ম্যানেজমেন্ট। তাই সিডনিতে ৭ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টে ওয়ার্নারকে পাওয়া যাবে, এমন আশার কথাই শুনিয়েছেন নির্বাচক ট্রেভর হন্স, ‘ওয়ার্নার ইনজুরি থেকে বেশ ভালোভাবেই সুস্থ হয়ে উঠছেন। যেহেতু ম্যাচের আরও সাত দিন বাকি, তাই ম্যাচটা খেলার জন্য তাকে সর্বোচ্চ সুযোগটা দেওয়া হবে।’ ১৮ সদস্যের দলে ওয়ার্নার ছাড়াও ফিরেছেন উইল পুকোভস্কি ও শন অ্যাবট। টেস্টে অভিষেকের অপেক্ষায় থাকা পুকোভস্কি সিরিজের শুরু থেকেই আলোচনায় ছিলেন। কিন্তু মাথায় আঘাত পাওয়ার পর থেকে তার ফেরাটা হয়েছে বিলম্বিত। যার কনকাশন জনিত ইনজুরির ইতিহাসটাও বেশ লম্বা, ৯বার! অস্ট্রেলিয়া দল: টিম পেইন (অধিনায়ক), প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, মার্কাস হ্যারিস, ট্রাভিস হেড, ময়সেস হ্যানরিকস, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মাইকেল নাসের, জেমস প্যাটিনসন, উইল পুকোভস্কি, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মিচেল সোয়েপসন, ম্যাথু ওয়েড ও ডেভিড ওয়ার্নার।