এফএনএস : মুমিনুল হকদের নতুন ব্যাটিং কোচ নিয়োগ সম্পর্কে সোমবার বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘হ্যাঁ, আপনারা ব্যাটিং কোচের ব্যাপারে খুব শিগিগরই জানতে পারবেন। অনেকটাই চূড়ান্ত হয়েছে। আমাদের এই কোচিং স্টাফ অ্যাপয়েনমেন্টের শেষের দিকে কিছু মাইনর টার্মস কন্ডিশনের এডজাসমেন্টের প্রয়োজন হয়, সেই সময়টাই আমরা নিচ্ছি। প্রায় চূড়ান্ত হয়ে আছে। আমরা আশা করি খুব শিগিগরই নামটি পেয়ে যাবেন।’ বিসিবি সূত্রে জানা গেছে, তামিম-সাকিবদের নতুন কোচ হতে পারেন জন লুইস। সাবেক এই ইংলিশ ক্রিকেটার সাসেক্সের সহকারী কোচ, ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হেড কোচ ও শ্রীলঙ্কার ব্যাটিং-পরামর্শক হিসেবে কাজ করেছিলেন।
সূত্র আরো জানায়, বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গোর পছন্দও ৪৫ বছর বয়সি লুইস। বঙ্গবন্ধু বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হেড কোচ হিসেবে কাজ করা পল নিক্সনের নামও শোনা যাচ্ছে। তবে টাইগারদের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন লুইস। এবার দীর্ঘমেয়াদে ও তিন ফরম্যাটের জন্যই কোচ নিয়োগ দিতে চায় বিসিবি। গত ২১ আগস্ট পারিবারিক কারণে বাংলাদেশের ব্যাটিং কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন নেইল ম্যাকেঞ্জি। চার দিন পরই নতুন ব্যাটিং কোচ হিসেবে ক্রেইগ ম্যাকমিলানকে নিয়োগের ঘোষণা দিয়েছিল বিসিবি।
কিন্তু মাস না পার হতেই চাকরিতে যোগ দেয়ার আগেই বাবার মৃত্যুর কারণে পদত্যাগ করেন নিউজিল্যান্ডের এই সাবেক ক্রিকেটার ও কোচ। এদিকে ১০ জানুয়ারি ঢাকায় এসে সাত দিনের কোয়ারেন্টাইন করবে ওয়েস্ট ইন্ডিজ। তিন দিন হোটেলে থাকার পর সবাই করোনা নেগেটিভ হলে অনুশীলন শুরু করবে উইন্ডিজরা। সাত দিন পর স্থানীয় নেট বোলারদের নিয়ে অনুশীলন করবে সফরকারীরা। আর বাংলাদেশ দলের অনুশীলন শুরু হবে ১০ জানুয়ারি।
তার আগেই হেড কোচ রাসেল ডমিঙ্গোসহ অন্য বিদেশি কোচরা ঢাকায় চলে আসবেন। সোমবার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, জানুয়ারির প্রথম সপ্তাহে একটি প্রাথমিক দল ঘোষণা করা হবে। পরে ১৪ ও ১৬ জানুয়ারি ক্রিকেটাররা নিজেদের মধ্যে দুটি এক দিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন। তারপরই তিন ম্যাচের ওয়ানডে সিরিজের চূড়ান্ত দল ঘোষণা করবেন নির্বাচকেরা।