নওগাঁ প্রতিনিধি : নওগাঁ দাবা লীগে চ্যাম্পিয়ন হয়েছে আত্রাই দাবা ক্লাব। গতকাল শনিবার দুপুরে নওগাঁ পুলিশ লাইনস ড্রিলস শেডে দাবা লীগের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন। মুজিব বর্ষ উপলক্ষে চার দিনব্যাপী অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে অন্বেষা নিশান ক্লাব ও তৃতীয় হয়েছে চক এনায়েত যুব সংঘ। বিজয়ীদের মাঝে পুরষ্কার হিসেবে নগদ টাকা, ট্রফি, সনদ ও মেডেল প্রদান করেন।
সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁর পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক হারুন-অর-রশিদ, রানার গ্রুপ বাংলাদেশের স্পন্স্র ডাইরেক্টর মোহাম্মদ আলী দ্বীন ও অতিরিক্ত পুলিশ সুপার একেএম মামুন খান চিশতী। নওগাঁ জেলা পুলিশ এই প্রতিযোগিতার আয়োজন করে। এই প্রতিযোগিতা সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করে রানার গ্রুপ বাংলাদেশ ও সাইফ পাওয়ারটেক বাংলাদেশ। গত সোমবার চার দিন ব্যাপী এই দাবা লীগের উদ্বোধন করেন নওগাঁর পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া।