এফএনএস : ন্যাশনাল টি-টোয়েন্টি টুর্নামেন্ট ২০২১-২২ এর সূচি ও স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এ টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে ১৩ অক্টোবর। প্রথম ১৮টি লেগ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মুলতানে। তবে এখন অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে। পরের ১৫টি ম্যাচ ৬ অক্টোবর থেকে অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ১২ অক্টোবরের ২টি সেমিফাইনালের পর ফাইনাল আয়োজিত হবে ১৩ অক্টোবর। টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগ মুহুর্তে এমন টুর্নামেন্টে পাকিস্তানের স্কোয়াডে যারা আছে, তাদের জন্য প্রস্তুতির দারুণ সুযোগ তৈরি করে দিলো পিসিবি।
প্রত্যেকে অন্তত ১০টি করে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। ফর্ম ও ফিটনেস ধরে রাখার পাশাপাশি ১৫ অক্টোবর থেকে সংযুক্ত আমিরাতে শুরু হতে যাওয়া বিশ্বকাপে সেরা পারফর্ম করাই এখন তাদের উদ্দেশ্য। পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা বলেন, ‘নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ স্থগিত হওয়ার পর এখন ন্যাশনাল টি-টোয়েন্টি আমাদের অভিজাত ক্রিকেটারদের প্রস্তুতির সুবর্ণ সুযোগ। তাদের প্রমাণ করতে হবে তারা বিশ্বকাপ হাতে নেওয়ার জন্য যোগ্য অধিকারী। ভালো ক্রিকেটারদের ন্যাশনাল টি-টোয়েন্টিতে অংশ নেওয়ার মধ্য দিয়ে এ টুর্নামেন্টের গুরুত্ব ও মর্যাদা আরও বেড়ে গেছে।
আগামীর তারকা ক্রিকেটাররাও জাতীয় দলের ক্রিকেটারদের সাথে খেলে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে।’ গতবারের চ্যাম্পিয়ন খাইবার পাখতুংখার অধিনায়ক হয়েছেন পাকিস্তানের উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান এবং রানার্সআপ সাউদার্ন পাঞ্জাবকে নেতৃত্ব দিবেন হার্ডহিটার ব্যাটসম্যান শোয়েব মাকসুদ। সেন্ট্রাল পাঞ্জাবের অধিনায়ক হয়েছেন জাতীয় দলের অধিনায়ক বাবর আজম এবং বেলুচিস্তানের অধিনায়কত্ব পেয়েছেন ওপেনার ইমাম উল হক। এ ছাড়া সরফরাজ আহমেদ ও শাদাব খান যথাক্রমে সিন্ধ ও নর্দার্নকে নেতৃত্ব দিবেন।