প্রেস বিজ্ঞপ্তি : সংকোচের বিহ্বলতা নিজেরে অপমান” রবি ঠাকুরের গানের মত করেই বলা চলে নারীরা নিজেদের সংকোচ ঝেড়ে ফেলে আত্মরক্ষা সুনিশ্চিত করতে বীরদর্পে সামনে এগিয়ে চলবে। এমন ধারণাকে সামনে এগিয়ে নিতে এবং নারীর ক্ষমতায়ন সুনিশ্চিত করতে রোটারী ক্লাব অব পদ্মা রাজশাহী ও রোটারী ক্লাব অব কাওরান বাজার ঢাকা এর যৌথ আয়োজনে “মেয়েদের আত্মরক্ষা বিষয়ক প্রশিক্ষণ” শীর্ষক দুই মাস ব্যাপি এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় মেয়েদেরকে জুডো ও কারাতে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আত্মরক্ষায় উদ্বুদ্ধ করা হবে যাতে করে সমাজে ধর্ষণ ও যৌন হয়রানির মত মহাব্যাধির বিরুদ্ধে তারা প্রতিরোধ গড়ে তুলতে পারে।
তাই গতকাল শনিবার রাজশাহী জেলা স্টেডিয়ামে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন রাজশাহী জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব আব্দুল জলিল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মুহাম্মদ শরিফুল হক ও জেলা ক্রীড়া সংস্থা রাজশাহীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব মোঃ ওয়াহেদুন নবী। ইভেন্ট চেয়ার হিসেবে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন রোটারী ক্লাব অব পদ্মা রাজশাহীর সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ও জনতা ব্যাংক লিমিটেড রাজশাহী এরিয়ার ডিজিএম রোটারিয়ান জনাব তাপস মজুমদার। অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহীর বর্তমান প্রেসিডেন্ট রোটারিয়ান সোহেল সারওয়ার জাহান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট, রোটারিয়ান নাজমা রহমান। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিভিন্ন বয়সী প্রশিক্ষনার্থী ও তাদের অভিভাবকবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রশিক্ষক মোঃ ফরমান আলী রাজশাহীর সকল গার্লস স্কুলে এ ধরনের একটি নিয়মিত প্রশিক্ষণ কোর্স আয়োজনের মাধ্যমে মেয়েদের আত্মরক্ষায় উদ্বুদ্ধ করার উদ্যোগ নিতে জেলা প্রশাসকের নিকট অনুরোধ করলে তিনি তাতে সম্মতি জ্ঞাপন করেন।
জেলা প্রশাসক জনাব আব্দুল জলিল মেয়েদের মনোবল বৃদ্ধি ঘটিয়ে নিজেদের স্থান তৈরি করে নেয়ার উপর জোর দেন। তিনি বলেন, “যে মিশ্র অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, সেখানে অসুস্থ মানসিকতা পরিহার করে সত্য, সুন্দর ও কল্যাণের দিকে আমাদের নিজেদেরকে নিয়োজিত করতে হবে।” অনুষ্ঠান শেষে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন রোটারিয়ান ড. শামসুল আলম।