এফএনএস : পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের মধ্যে বিশ্ব ক্রিকেটে যে কয়েকজন সবচেয়ে বেশি পরিচিত, তাদের মধ্যে রমিজ রাজা অন্যতম। বাংলাদেশের মানুষও তাকে বেশ ভালোভাবেই চেনেন। মূলত এ দেশের ক্রিকেট নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য বিভিন্ন সময় তিনি আলোচনার বিষয়বস্তুতে পরিণত হন। এবার ভিন্ন একটি কারণে নেটিজেনদের মাঝে তাকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আর পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমে রমিজ রাজা এখন হট টক। জানা গেছে, সবকিছু ঠিকঠাক থাকলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পরবর্তী চেয়ারম্যান হতে যাচ্ছেন রমিজ রাজা। অবশ্য তথ্যটি এখনো নিশ্চিত নয়। কারণ, বোর্ডের কাছে তার নাম এখনো জমা দেওয়া হয়নি। শিগগিরই সম্ভাব্য চেয়ারম্যান হিসেবে দুই জনের জমা দেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও পিসিবির চিফ প্যাট্রন ইমরান খান।
সেই দুই জনের মধ্যে একজন রমিজ রাজা বলেই জানাচ্ছে দেশটির গণমাধ্যমগুলো। ক্রিকেট ছাড়ার পর থেকেই মাইক্রোফোন হাতে ধারাভাষ্য দিয়ে যাচ্ছেন সাবেক এই ক্রিকেটার। পাকিস্তানকেও একসময় নেতৃত্ব দিয়েছেন। দেশের হয়ে বিশ্বকাপ জয়েরও স্বাদ পেয়েছেন। এবার পিসিবির চেয়ারম্যান হতে পারলে সব চক্রই পূরণ হবে। বর্তমান পিসিবির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকারী এহসান মানির মেয়াদ প্রায় শেষের দিকে। তাছাড়া বয়স ও স্বাস্থ্যগত কারণে তিনি এ দায়িত্বে আর থাকতে চাচ্ছেন না বলেই পাকিস্তানি গণমাধ্যমগুলোর খবর। সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দুই-একদিনের মধ্যে পিসিবির কাছে দুটি নাম জমা দেবেন প্রধানমন্ত্রী ইমরান খান। তার মধ্যে একজনকে চেয়ারম্যান হিসেবে বেছে নেবেন পিসিবির কার্যনির্বাহী কমিটি। তবে রমিজ রাজার সম্ভাবনাই বেশি বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
এদিকে পাকিস্তান দল এখন উইন্ডিজের মাটিতে টেস্ট খেলতে ব্যস্ত। প্রথম টেস্টে তারা নাটকীয়ভাবে ১ উইকেটে হেরেছে। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে তারা ২১২ রান তুলেছিল। কিন্তু দুটি ম্যাচেই পাকিস্তানের শুরুটা হয়েছে বাজে। প্রথম ইনিংসে পাকিস্তানের প্রথম তিন ব্যাটসম্যানের রান ছিল মাত্র ৩৭, দ্বিতীয় ইনিংসে তিনজনে মিলে করেছেন ৫৭ রান। আর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে তারা করতে পেরেছেন মাত্র ২ রান! তাই দলের টপ অর্ডারের ওপর চটেছেন রমিজ রাজা। পাকিস্তানের এই জনপ্রিয় ধারাভাষ্যকার নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘তারা ২ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল। আগের ম্যাচটি হেরেছে পাকিস্তান। এ কারণে এ ম্যাচে টপ অর্ডার ব্যাটসম্যানদের কাছ থেকে ভালো একটা শুরু প্রয়োজন ছিল।
কিন্তু তারা সেটা দিতে পারেনি। আসলে পাকিস্তান টপ অর্ডার ব্যাটিং নিয়ে সমস্যায় আছে। আসলে পাকিস্তানের টপ অর্ডার সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারেনি। জ্যামাইকার উইকেটে ব্যাটিং করা সহজ নয়। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার আগে পর্যন্ত আপনি এখানে রান করতে পারবেন না।’ এরপর তিনি তোপ দাগেন অভিজ্ঞ আজহার আলীর ওপর, ‘টপ অর্ডার টেকনিক্যালি খুব বাজে খেলেছে। আজহার আলী অনেক টেস্ট খেলেছে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজে এখনো সে ক্রিজে নিজের ভারসাম্য দেখাতে পারেনি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার রিফ্লেক্সও অনেক ধীর হয়ে গেছে। সর্বশেষ ইনিংসে তাকে কিছু করতে হতো। এমন সময়ে তার ভালো ব্যাটিং পাকিস্তানের খুব প্রয়োজন। কিন্তু সে পারেনি। ওপেনাররাও তাই। তারা ভালো শুরু দিতে না পারলে পাকিস্তান কখনোই বড় টেস্ট দল হতে পারবে না।’