বৃহস্পতিবার

৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্তের বন্ধনে আবদ্ধ : দোরাইস্বামী

Paris
Update : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

এফএনএস : বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্তের বন্ধনে আবদ্ধ বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। করোনার ভ্যাকসিন ভারত সরকার যখন পাবে তখন বাংলাদেশকেও পেতে সহযোগিতা করবে বলেও তিনি জানান। গতকাল বুধবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন ও দলটির নেতাদের সঙ্গে মতবিনিময়ে একথা বলেন তিনি।

দোরাইস্বামী বলেন, আজকের এই সুসম্পর্কের সূচনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরই ধারাবাহিকতায় দু’দেশের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে, যা ভবিষ্যতে আরো জোরদার হবে। এসময় তিনি করোনায় নিহত আওয়ামী লীগের নেতাদের স্মরণ করেন। হাইকমিশনার বলেন, করোনার ভ্যাকসিন ভারত সরকার যখন পাবে তখন বাংলাদেশকেও পেতে সহযোগিতা করবে। হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, বাংলাদেশে আওয়ামী লীগে যদি কোনো বন্ধু না থাকে তাহলে বাংলাদেশে আমাদের কোনো বন্ধু নেই।

করোনা ভ্যাকসিনের ব্যাপারে ভারত সরকার বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করবে জানিয়ে তিনি বলেন, ভারত ও বাংলাদেশের আজকের যে সম্পর্ক, এই সম্পর্কের জন্য আওয়ামী লীগের অনেক অবদান রয়েছে। করোনা ভাইরাসের কারণে আওয়ামী লীগ অনেক নেতা-কর্মী হারিয়েছে। তিনি এসব নেতা-কর্মীদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশকে স্বাধীন করতে এসে জীবন উৎসর্গকারী অর্ধশতাধিক ভারতীয় সৈনিকের আত্মত্যাগের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দোরাইস্বামী বলেন, আমার বাবা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন পাইলট হিসেবে।

তাই আমি খুব গর্বিত। বাংলাদেশ-ভারত মৈত্রী চিরঞ্জীব হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছেন বাংলাদেশের স্পিরিট। বাংলাদেশের জন্য তার আত্মত্যাগ এদেশের জনগণ ভুলতে পারবে না। এদেশ স্বাধীন হয়েছে ত্রিশ লাখ শহীদ, নারীর সম্ভ্রম ও ত্যাগের বিনিময়ে। বিক্রম কুমার দোরাইস্বামী আওয়ামী লীগের কার্যালয়ে এলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাকে স্বাগত জানান। পরে দোরাইস্বামী আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সাথে মতবিনিময় করেন এবং দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।


আরোও অন্যান্য খবর
Paris