এফএনএস : যশোরের ঝিকরগাছায় ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নয়ন হোসেন (২৪) নামের এক বাক প্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই যুবক। গত শনিবার রাতে উপজেলার পানিসারা ইউনিয়নের টাওরা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নয়ন হোসেন ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে। অন্যদিকে আহতরা হলেন- একই গ্রামের আবদুল কাদেরের ছেলে জহুরুল ইসলাম (২৭) ও মৃত হানিফের ছেলে আশা (২০)।
নিহতের ভাই সুজন বলেন, শুক্রবার বিকেলে ফুটবল খেলার মধ্যে ‘ল্যাং মারাকে’ কেন্দ্র করে পানিসারা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের মেম্বার গোলাম সরোয়ারের ছেলে বকুল বিপক্ষ দলের মেহেদীকে মারধর করেন। এ ঘটনার জের ধরে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরদিন গত শনিবার রাতে মীমাংসার জন্য সালিশ হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই সন্ধ্যার দিকে মেম্বর সরোয়ার ও তার দুই ছেলে বকুল ও জাহিদ ধারালো দা দিয়ে নয়নকে কুপিয়ে জখম করেন।
এ সময় জহুরুল ও আশা ঠেকাতে গেলে তাদেরও কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে নয়ন ও জহুরুলের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠান।
রাত আটটার দিকে নয়ন ও জহুরুলকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে হেলে চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ডা. অমিয় দাস বলেন, ‘অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নিয়ে আসার আগেই নয়নের মৃত্যু হয়েছে। তার গলায় ও বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।’
এ বিষয়ে পানিসারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নওশের আলী বলেন, ‘ফুটবল খেলাকে কেন্দ্র করে সামান্য বিরোধের জের ধরে এ হত্যার ঘটনা ঘটে।’ ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, ‘নয়নকে কুপিয়ে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।’