এফএনএস : জাতীয় দলে আসা নবীনদের মাঝে অন্যতম সম্ভাবনাময় নাম সাইফ হাসান। তরুণ এই ওপেনার জাতীয় দলের বিখ্যাত চার সিনিয়র ক্রিকেটারকে এই প্রথম একসঙ্গে জাতীয় দলে পেয়েছেন। জিম্বাবুয়ে সফরের দলে আছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদ। চারজনকে একসঙ্গে পেয়ে নতুন কিছু শেখার আশায় রোমাঞ্চিত সাইফ। বিসিবির পাঠানো ভিডিও বার্তায় এই তরুণ বলেছেন, ‘জাতীয় দলে যোগ দেওয়ার পর সিনিয়র খেলোয়াড় সবাইকে পাইনি।
এবার প্রথমবারের মতো সবাইকে একসঙ্গে পাচ্ছি। রিয়াদ ভাই, সাকিব ভাই, মুশফিক ভাই, তামিম ভাই সবাই আছেন। তো এটা আমাদের জন্য খুব সহায়ক হবে। আমরা তরুণ যারা আছি তাদের জন্য অনুপ্রেরণাদায়ক। আশা করি এ জিনিসটা আরও ভালো যাবে আমাদের জন্য।’
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলতে মাঠে নামার আগে প্রস্তুতি ম্যাচে ভালোই প্রস্তুতি নিচ্ছে টাইগাররা। প্রথম দিনের প্রস্তুতি ম্যাচ শেষে সাইফ বলেন, ‘প্রস্তুতি ম্যাচ সব সময়ই আমরা আমাদের আত্মবিশ্বাসের জন্য খেলি। উইকেট প্রথম ৮-১০ ওভারে পেসারদের জন্য কিছুটা সহায়ক ছিল। এরপর মোটামুটি ভালো ফ্ল্যাট হয়ে গিয়েছিল। সবমিলিয়ে আমাদের ভালো প্রস্তুতি হয়েছে। আশা করি মূল ম্যাচে এটা আমাদের কাজে আসবে।’