৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

প্রাথমিকের শূন্যপদে নিয়োগ-নিয়োগবিধি চূড়ান্তের সুপারিশ

প্রকাশিত: ২৪ জুন ২০২১, ১২:০৯ অপরাহ্ণ | বিভাগ: চাকরি-বাকরি
প্রাথমিকের শূন্যপদে নিয়োগ-নিয়োগবিধি চূড়ান্তের সুপারিশ
বিজ্ঞাপন

এফএনএস : প্রাথমিক শিক্ষা বিভাগের শূন্যপদে নিয়োগের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। এজন্য দ্রুত নিয়োগবিধি চূড়ান্ত করার সুপারিশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত জাতীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। ঢাকার মিরপুরের নবনির্মিত পিটিআই ভবনে কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে কমিটির সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, মেহের আফরোজ, মো. নজরুল ইসলাম বাবু, শিরীন আখতার, ফেরদৌসী ইসলাম এবং মো. মোশারফ হোসেন অংশ নেন। বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, আগের বৈঠকেই শূন্যপদে নিয়োগের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল এবং শূন্যপদে নিয়োগের সুপারিশ করা হয়েছিল।

এর প্রেক্ষিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন পদের বিপরীতে জনবল নিয়োগবিধি জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিবেচনাধীন। নিয়োগবিধি প্রণয়ন চূড়ান্ত হলে নিয়োগপ্রক্রিয়া গতিশীল হবে। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা অনুযায়ী শিক্ষক/জনবল নিয়োগ, দ্রুততম সময়ের মধ্যে নিয়োগবিধি প্রণয়ন এবং বিভিন্ন মামলা দ্রুত নিষ্পত্তির সুপারিশ করা হয়।

বৈঠকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরবরাহের জন্য ল্যাপটপ ও কম্পিউটার সামগ্রী স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে ক্রয় ও সরবরাহের জন্য সুপারিশ করা হয়। কমিটি ঢাকা মহানগরের ১২টি থানার নির্বাচিত ১৬০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে যেসব বিদ্যালয় স্থাপনে জটিলতা নেই, সেসব বিদ্যালয়গুলো দৃষ্টিনন্দনভাবে দ্রুত নির্মাণের সুপারিশ করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন