৪ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

১৪তম নিবন্ধনধারী ১৮০ শিক্ষককে নিয়োগ দিতে হাইকোর্টের রুল

প্রকাশিত: ৭ জুন ২০২১, ১১:০৩ পূর্বাহ্ণ | বিভাগ: চাকরি-বাকরি
১৪তম নিবন্ধনধারী ১৮০ শিক্ষককে নিয়োগ দিতে হাইকোর্টের রুল
বিজ্ঞাপন

এফএনএস : বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৪তম নিবন্ধনধারীদের নিয়োগ দিতে কেন সুপারিশ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। এ বিষয়ে করা রিট আবেদনের শুনানি নিয়ে গতকাল রোববার হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে সম্প্রতি ১৪তম নিবন্ধনধারী মো. জাকির হোসেনসহ ১৮০ জন এ রিটটি দায়ের করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন মোহাম্মদ ফারুক হোসেন। তিনি বলেন, ‘আপিল বিভাগের একটি রায়ের আলোকে দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ পেতে রিট আবেদনটি ফাইল করেছি। শুনানি শেষে আদালত রুল জারি করেছেন।’

রিটে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদফতরের মহাপরিচালক (ডিজি), বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যানসহ মোট সাতজনকে বিবাদী করা হয়েছে।

রিট আবেদন থেকে জানা যায়, এনটিআরসিএর ১৩তম নিবন্ধনে উত্তীর্ণ হন ১৭ হাজার ২৫৪ জন চাকরি প্রার্থী। তাদের মধ্যে ২ হাজার ২০৭ জনকে নিয়োগ দিতে আপিল বিভাগের আদেশ বাস্তবায়ন করে এনটিআরসিএ। সেই রায়ের আলোকে নিয়োগ পেতে সারাদেশের ১৪তম নিবন্ধনধারী ১৮০ জন প্রার্থী এ রিট আবেদনটি দায়ের করেন। পরবর্তীতে গতকাল শুনানি শেষে আদালত এ বিষয়ে রুল জারি করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন