এফএনএস : ২০১৫ সালে বিশ্বকাপ জিতেছিল ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়া। সেই বিশ্বজয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন বাঁহাতি স্পিনার জ্যাভিয়ের ডোহার্টি। অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট ক্রিকেটও খেলেছেন তিনি। সেই তারকা ক্রিকেটার এখন জীবিকা নির্বাহের জন্য কাঠমিস্ত্রির কাজ বেছে নিয়েছেন। সম্প্রতি অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসিএ) কর্তৃক প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ডোহার্টি বেশ মনযোগ সহকারে কাঠের কাজ করছেন।
ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর সংসার চালানোর জন্য আরো অনেক কাজ করেছেন তিনি। এবার কাঠমিস্ত্রি হিসেবেই থিতু হবেন বলে জানান। ঘরের মাঠে ২০১৫ সালের বিশ্বকাপ ফাইনালের পরই ওয়ানডে থেকে অবসর নিয়েছিলেন ডোহার্টি। তার সর্বশেষ ওয়ানডে ম্যাচটি ছিল শ্রীলঙ্কার বিপক্ষে। ২০১৭ সালে সব ধরনের ক্রিকেটকেই বিদায় জানান তিনি। অস্ট্রেলিয়া ক্রিকেটার্সদের অ্যাসোসিয়েশনের আপলোড করা ভিডিওতে ডোহার্টি জানান যে, অবসরের পর সংসার চালানোর মতো টাকাও ছিল না।
এক বছর ধরে কোনো কাজ পাননি। ওই সময় মানবেতর জীবন কাটাতে হয়েছে পরিবার নিয়ে। তাই কোনো উপায় না পেয়ে কাঠমিস্ত্রির কাজ ধরেছেন। ডোহার্টি আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন ২০১০ সালে। অস্ট্রেলিয়ান জার্সিতে ৪ টেস্টে ৭ উইকেট, ৬০ ওয়ানডেতে ৫৫ উইকেট ও ১১ টি-টোয়েন্টিতে ১০ উইকেট নেন।