এফএনএস : ব্রাজিল কিংবদন্তি পেলের নামে দেশটির বিখ্যাত মারাকানা স্টেডিয়ামের নামকরণ হচ্ছে না! প্রতিবাদের মুখে ব্রাজিলের বিখ্যাত এই স্টেডিয়ামের নাম পরিবর্তনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে দেশটির রিও দে জেনেইরো রাজ্য সরকার। প্রতিবাদকারীদের মধ্যে আছেন পেলের ১৯৭০ বিশ্বকাপজয়ী দলের সতীর্থ জেরসন এবং মারিও ফিলহোর নাতি। জেরসন এটাকে ‘অযৌক্তিক’ বলে মত দেন। মারাকানা স্টেডিয়াম বিশ্বজুড়ে এই নামেই পরিচিত।
এখানেই ১৯৫০ ও ২০১৪ বিশ্বকাপ ফাইনালের পাশাপাশি ২০১৬ অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। এর আগে স্টেডিয়ামটির নির্মাণের জন্য তদবির করা সাংবাদিক মারিও ফিলহোর নামে এর নামকরণ করা হয়েছিল। তবে সবাই এটাকে মারাকানা স্টেডিয়াম নামেই ডাকেন। পেলের নামে স্টেডিয়ামের নামকরণের বিরোধিতাকারীদের বক্তব্য হলো, রিওর বাসিন্দা নয় এমন কারো নামে স্টেডিয়ামটির নামকরণ করা ঠিক হবে না।
উল্লেখ্য, অশীতিপর পেলের জন্ম মিনাস জেরাইস রাজ্যে। ব্রাজিলের হয়ে এই মাঠে অনেক ম্যাচ খেলেছেন তিনবার বিশ্বকাপ জেতা একমাত্র ফুটবলার পেলে। ১৯৬৯ সালে সান্তোসের হয়ে স্থানীয় ক্লাব ভাস্কো দা গামার বিপক্ষে ক্যারিয়ারের হাজারতম গোলটিও তিনি এই মাঠে করেছিলেন। তারপরেও ‘এদসন আরান্তেস দো নাসিমেন্তো-হেই পেলে স্টেডিয়াম’ বা ‘কিং পেলে স্টেডিয়াম’ নামকরণের সিদ্ধান্তে ভেটো দিয়েছিলেন রাজ্য গভর্নর ক্লাউদিও কাস্ত্রো।