৩ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

টিআরপি নির্ধারণে বেসরকারি প্রতিষ্ঠান নিয়োগ দেবে সরকার

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২১, ৯:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: চাকরি-বাকরি
টিআরপি নির্ধারণে বেসরকারি প্রতিষ্ঠান নিয়োগ দেবে সরকার
বিজ্ঞাপন

এফএনএস : টেলিভিশন রেটিং পয়েন্ট (টিআরপি) নিরূপণের মাধ্যমে টিভি চ্যানেলের জনপ্রিয়তা যাচাই করা হয়। বর্তমানে বাংলাদেশে যেসব প্রতিষ্ঠান টিআরপি কার্যক্রম পরিচালনা করছে, সেগুলোর কোনোটিই সরকারের অনুমোদিত না। তাই টিআরপি কার্যক্রমের জন্য প্রতিষ্ঠান নির্ধারণের উদ্যোগ নিয়েছে সরকার। সুশৃঙ্খল, মানসম্মত ও প্রতিযোগিতামূলক প্রচার ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইটের কারিগরি সহযোগিতায় উন্নত প্রযুক্তিতে টিআরপি নির্ধাণের প্রতিষ্ঠান নির্বাচন, কারিগরি সহায়তা প্রদান ও কার্যক্রম মনিটরিং করার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় রোববার এক প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে টিআরপি নির্ধারণে বেসরকারি প্রতিষ্ঠানকে নিয়োগের বিষয়ে কিছু নিয়মের কথা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নির্দিষ্ট মেয়াদে বাংলাদেশি টিভি চ্যানেলের টিআরপি নির্ধারণের কার্যক্রম পরিচালনা করার জন্য আগ্রহী বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে প্রজ্ঞাপনমূলে দরখাস্ত আহ্বান করবে। আগ্রহী দেশি ও বাংলাদেশে নিবন্ধিত বিদেশি বেসরকারি প্রতিষ্ঠান নির্ধারিত তারিখের মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের কাছে বাংলাদেশি টিভি চ্যানেলের টিআরপি নিরূপণের কার্যক্রম পরিচালনার জন্য দরখাস্ত দাখিল করতে পারবে। সেক্ষেত্রে বিদেশি বেসরকারি প্রতিষ্ঠানের অবশ্যই বাংলাদেশে অফিস থাকতে হবে।

আবেদনকারী প্রতিষ্ঠানকে অবশ্যই আবেদনপত্রের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের অনুকূলে নিরাপত্তা জামানত বাবদ দশ লাখ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (ফেরতযোগ্য) জমা দিতে হবে। আবেদনপত্র যোগ্য হিসেবে বিবেচিত না হলে ওই পে-অর্ডার/ব্যাংক ড্রাফট ফেরত দেয়া হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নির্দিষ্ট মেয়াদে বাংলাদেশি টিভি চ্যানেলের টিআরপি নির্ধারণের কার্যক্রম পরিচালনা করার জন্য যোগ্যতাসম্পন্ন এক বা একাধিক প্রতিষ্ঠানকে অনুমোদন দিতে পারবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন