এফএনএস : আর কিছুদিন পরেই শুরু হতে যাচ্ছে ক্রিকেট বিশ্বের সবচেয়ে জমজমাট ঘরোয়া লীগ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)। করোনাভাইরাসের কারণে ইতোমধ্যে ক্রিকেটের বেশকিছু নিয়মে পরিবর্তন এসেছে। নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে বেধে দেওয়া নিয়মের বাইরেও অনেক কিছু মানতে হচ্ছে ক্রিকেটারদের। আইসিসির পাশাপাশি বোর্ড থেকেও দেওয়া হচ্ছে নানা নিয়ম। সেসবের মধ্যেই আগামী ৯ এপ্রিল পর্দা উঠছে আইপিএলের ১৪তম আসরের।
এ টুর্নামেন্টেও থাকছে বেশকিছু নতুন নিয়ম। জানা যায়, এবারের আসরে টিভি আম্পায়ারদের দায়িত্ব বেড়ে যাচ্ছে। কারণ মাঠে থাকা আম্পায়াররা সফট সিগন্যাল দিতে পারবেন না। আসরে অংশ নেওয়া ৮ দলকে দেওয়া এক চিঠিতে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই জানিয়েছে, ব্যাটসম্যানের আউট নিয়ে কোনও সংশয় থাকলে সিদ্ধান্ত নেবেন টিভি আম্পায়ার। প্রতিটি ইনিংসের জন্য ৯০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। এর ব্যতিক্রম হলে ওভার-রেট নিয়মের ক্ষমতা দেওয়া হয়েছে চতুর্থ আম্পায়ারকে।
ব্যাটিং বা ফিল্ডিং দল ইচ্ছেকৃত সময় নষ্ট করছে কি না, তা দেখেই সিদ্ধান্ত নেবেন তিনি। বেশকিছু নতুন নিয়ম যোগ হলেও করোনার কারোনে এবারও থাকছে না দর্শক উপস্থিতি। দেশের মাটিতে আইপিএল হলেও দর্শকশূন্য স্টেডিয়ামে হবে এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। যেখানে কোনও দলই হোম ম্যাচ খেলার সুবিধা পাচ্ছে না।