এফএনএস : বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) আয়োজিত বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের মশাল প্রজ্জ্বলিত হবে বুধবার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বেলা ১১টায় মশাল প্রজ¦লন করবেন (বিওএ) সভাপতি ও সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। টুঙ্গিপাড়া থেকে মশাল প্রথমে আসবে বিওএর কার্যালয়ে; সেখান থেকে গেমসের প্রধান ভেন্যু বঙ্গবন্ধু স্টেডিয়ামে আনা হবে। ১১ ভাগে ভাগ হয়ে মশাল বহন করবেন ২২ ক্রীড়াবিদ।
১ এপ্রিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মূলমঞ্চে মশাল প্রজ¦লন করবেন গলফার সিদ্দিকুর রহমান ও ২০১৬ সালের এসএ গেমসে জোড়া সোনাজয়ী সাঁতারু মাহফুজা খাতুন শিলা। টুঙ্গীপাড়া থেকে সাবেক ফুটবলার ইলিয়াস হোসেন ও সাবেক ভলিবল খেলোয়াড় জেসমিন খান পপি মশাল নিয়ে যাত্রা শুরু করবেন। গোপালগঞ্জের ঘোনাপাড়া মশাল গ্রহণ করবেন সাবেক হ্যান্ডবল খেলোয়াড় খায়রুজ্জামান ও সাবেক সাঁতারু শাহজাহান আলী রনি।
গোপালগঞ্জের পুলিশ লাইন মোড়ে মশাল হস্তান্তর হবে সাবেক উশুকা মেসবাহ উদ্দিন ও তায়কোয়ানডো খেলোয়াড় মিজানুর রহমানের হাতে। সেখান থেকে তারা মশাল নিয়ে ভাটিয়াপাড়া পর্যন্ত আসবেন। তুলে দেবেন সাবেক আরচার ইমদাদুল হক মিলন ও উশুকা ইতি ইসলামের হাতে। গোপালগঞ্জের মোকসেদপুরে মশাল গ্রহণ করবেন জাতীয় হ্যান্ডবল দলের অধিনায়ক ডালিয়া আক্তার ও বাস্কেটবল খেলোয়াড় মিথুন সরকার।