এফএনএস : উইকেটকিপার মুশফিকুর রহিমকে নিয়ে সমালোচনা নতুন নয়। প্রশ্নবিদ্ধ কিপিংয়ে বারবার কাঠগড়ায় দাঁড়াতে হয় তাকে। চলতি নিউজিল্যান্ড সফরেও যেমন ওয়ানডে সিরিজের সব ম্যাচেই একাধিক ভুল করেছেন গ্লাভস হাতে। তাই প্রশ্ন উঠেছে, টেস্টের মতো সাদা বলের ক্রিকেটেও কি কিপিং ছাড়বেন মুশফিক? টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ অবশ্য সিদ্ধান্তটা মুশফিকের হাতেই ছেড়ে দিয়েছেন। নিউজিল্যান্ড সফরে বাজে কিপিং মুশফিকের সামর্থ্যরে ওপর প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিয়েছে। ক্রাইস্টচার্চে তিনি জিমি নিশামের ক্যাচ ফেলে দেওয়ায় জয়ের সম্ভাবনা থাকা ম্যাচটি হাতছাড়া হয় বাংলাদেশের। শুক্রবার শেষ ওয়ানডেতে আবারও ক্যাচ মিস করেন মুশফিক।
অষ্টম ওভারে তাসকিন আহমেদের বল হেনরি নিকোলসের ব্যাট ছুঁয়ে গেলেও গ্লাভসে রাখতে পারেননি এই উইকেটকিপার। মুশফিকের কিপিংয়ে এ ধরনের ব্যর্থতা নিয়ে দীর্ঘদিন ধরে দেশের ক্রিকেটে আলোচনা চলছে। টেকনিক্যালি দেশের ‘সেরা ব্যাটসম্যান’ যেন কেবলই ব্যাটিংয়ে মনোযোগ দেন- এমন পরামর্শও দিয়েছেন ক্রিকেটবিশ্লেষকসহ অনেকেই। যদিও টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ এই সিদ্ধান্তটা মুশিফিকের ওপরই ছেড়ে দিতে চান। রোববার টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেছেন, ‘বাংলাদেশ দলের সবাই কিন্তু জেতার জন্যই খেলে।
মুশফিকও এর অংশ। সেও জেতার জন্যই খেলে। আমি মনে করি, এ সিদ্ধান্তটা নেওয়ার জন্য মুশফিকই সেরা ব্যক্তি, সে এখন কিপিং গ্লাভসটা তুলে রেখে ব্যাটিংয়ে মনোযোগ দেবে কিনা। এই সিদ্ধান্তটা আমিও ওর কাছেই রাখতে চাই। এটা আমি ওভাবে আলাপ না করে বলতে চাই, ওর চিন্তাশক্তি অনেক গভীর।’ মাহমুদউল্লাহ আরও বলেছেন, ‘ও (মুশফিক) খুব ভালো চিন্তা করে। বাংলাদেশ দলের জন্য চিন্তা করে, নিজের জন্য চিন্তা করে। এটা ও চিন্তা করবে যে, যেহেতু লিটন-মিঠুন আছে, আমার কিপিংটা আগের মতো হচ্ছে না, ওদের একজনকে গ্লাভসটা ছেড়ে দেবো কিনা? এটার সিদ্ধান্ত ও নিলেই সবচেয়ে ভালো হবে। একজন সিনিয়র ক্রিকেটার, সাবেক অধিনায়ক হিসেবে ওর তো অনেক দায়িত্ব আছে।’