এফএনএস : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় এবং ওয়ালটন গ্রুপএর পৃষ্ঠপোষকতায় আয়োজিত ‘ওয়ালটন স্বাধীনতা দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা ২০২১’ এ নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে সকাল ৯টায় অনুষ্ঠিত নারী বিভাগের ফাইনালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ৩৭-২৫গোলে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
চ্যাম্পিয়ন দল প্রথমার্ধে ১৫-১৪গোলে এগিয়ে ছিল। চ্যাম্পিয়ন দলের পক্ষে আলপনা সর্বোচ্চ ১১টি এবং বিজিত দলের পক্ষে রুবিনা সর্বোচ্চ ১১টি গোল করেন। একই ভেন্যুতে পুরুষ বিভাগের ফাইনালে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) ৩৯-২৫ গোলে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবকে হারিয়ে শিরোপা জয় করেন। চ্যাম্পিয়ন দল প্রথমার্ধে ১৭-১১ গোলে এগিয়ে ছিল। চ্যাম্পিয়ন দলের পক্ষে সাগর সর্বোচ্চ ১৩টি ও বিজিত দলের পক্ষে রাসেল সর্বোচ্চ ১১টি গোল করেন।
এবারের প্রতিযোগিতায় নারী বিভাগের সেরা খেলোয়াড় নর্বিাচতি হন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দশ নম্বর জার্সি পরিহিত আলপনা আক্তার। পুরুষ বিভাগে তিন নম্বর জার্সি পরিহিত বিজিবির মেহেদী সেরা খেলোয়াড় নির্বাচিত হন। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের পুরস্কার তুলে দেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ এর নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন।
ফেডারেশনের সহ-সভাপতি মো: নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, পরিচালনা কমিটির চেয়ারম্যান ট্রাফিক সাউথ ডিভিশন এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কাজী রোমানা নাসরিন,পরিচালনা কমিটির সম্পাদক মো: মকবুল হোসেনসহ অন্যান্য কর্মকর্তাগণ।