এফএনএস : এই বছরের জুনেই মেসির সঙ্গে বার্সার চুক্তির মেয়াদ শেষ হবে। তার আগে আরেকটা চাঞ্চল্যকর তথ্য দিলেন নেইমারের সাবেক এজেন্ট আন্দ্রে কুরি। সম্প্রতি আর্জেন্টাইন পত্রিকা ‘এল লিটোরাল’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি নেইমারের বার্সায় ফেরার ব্যাপারে কথা বলেছেন। লম্বা সময় নেইমার বার্সায় ছিল। মেসির সঙ্গে তার রসায়ন বেশ জমে। কিন্তু ২০১৭ সালে দলবদলের রেকর্ড গড়ে পিএসজিতে চলে যান ব্রাজিলিয়ান তারকা। এরপর তার ফেরা নিয়ে কম কথা শোনা যায়নি।
বিষয়টি বিস্তারিত বলতে গিয়ে এজেন্ট কুরি বলেন, ‘আমি বার্সায় ১০ বছর ছিলাম। এই শহরের প্রতিটি অংশ আমার চেনা। আমি খুশি হবো যদি নেইমারকে বার্সায় দেখি। নেইমার বার্সার জন্য দরজার খোলা রেখেছে। তাদের দর্শকরাও জানে নেইমার একটা ভুল করে ফেলেছে এবং পরে সে বিষয়টি বুঝতেও পেরেছে।’ কথায় আছে- যা রটে তার কিছু হলেও ঘটে। ঠিক বছর দুয়েক আগে নেইমার আর বার্সা নতুন চুক্তির খুব কাছ থেকে ফেরেন।
যে ঘটনার সাক্ষ্য ছিলেন নেইমারের সাবেক এই এজেন্টও, ‘দুই বছর আগে নেইমার আমাকে অফিশিয়াল একটা প্রস্তাব দেয় বার্সায় ফেরার জন্য। আমি চেষ্টা করি তাকে আনার, প্যারিস থেকে অনেকটা বের করেও আনি তাকে; কিন্তু কিছু কারণে চুক্তিটা হলো না।’ এ মুহূর্তে ক্লাবের পরিবেশ ভিন্ন। নতুন প্রেসিডেন্ট হিসেবে যোগ দিয়েছেন হুয়ান লাপোর্তে। যার ঝুলিতে রয়েছে দারুণ কিছু সফলতাও। পেপ গার্দিওলার জামানায় তিনিই তো ছিলেন সভাপতির চেয়ারে।
তাই তো নেইমার ফেরার ভালো একটা সুযোগ দেখছেন আন্দ্রে কুরি, ‘লাপোর্তে এমন একজন যিনি কিনা চাইলেই পারে আবারও নেইমারকে বার্সায় আনতে। মেসি বার্সা ছাড়বে না- সে সিদ্ধান্ত নিয়েই ফেলেছে যে, এই ক্লাবের ইতিহাস হয়ে থাকতে চায়। আমি নিজেও বিষয়টি নিয়ে পরিস্কার। নেইমার আবারও বার্সায় মেসির সঙ্গী হবে।’