এফএনএস : রোহিত শর্মা আউট হয়ে মাঠ ছাড়ছিলেন ধীরপায়ে। সূর্যকুমার যাদবের যেন মাঠে নামতে তর সইছিল না। উইকেটে গেলেন প্রায় ছুটে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার ব্যাট করতে নামলে একটু নার্ভাস থাকা অস্বাভাবিক নয়। কিন্তু কিসের কী! জফ্রা আর্চারের লেংথ থেকে লাফিয়ে ওঠা ডেলিভারিতে শাফল করে পুল শটে গ্যালারিতে পাঠালেন সূর্যকুমার। ছক্কায় শুরু আন্তর্জাতিক ক্যারিয়ার। ডাগআউটে সতীর্থরা তখন তাকিয়ে বিস্ময়ভরা মুগ্ধতায়!
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে সূর্যকুমার এভাবেই চমকে দেন সবাইকে। ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি জানান, সূর্যকুমারের সাহস তাদেরকে কতটা বিস্ময় উপহায় দিয়েছে। “ তিন নম্বরে ব্যাট করতে নেমে এরকম শুরু করা সহজ কথা নয়। এর শট দেখে আমরা হতবাক হয়ে যাই। শুরুতেই নিজের কতৃত্বের ছাপ লাগিয়ে দিয়েছে সে।” সূর্যকুমারের আগে ছক্কায় টি-টোয়েন্টি ক্যারিয়ার শুরু করেছেন আর কেবল ৭ জন।
সবার আগে করেছিলেন পাকিস্তানের সোহেল তানভির, ২০০৭ বিশ্বকাপে। সেটি ছিল তার ষষ্ঠ ম্যাচ। টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম বলেই ছক্কা মেরেছেন এরপর ওয়েস্ট ইন্ডিজের জেরম টেইলর, জেভিয়ার মার্শাল, কাইরন পোলার্ড, টিনো বেস্ট, দক্ষিণ আফ্রিকার ম্যাঙ্গালিসো মোশেল ও আয়ারল্যান্ডের মার্ক অ্যাডায়ার। সূর্যকুমারের মতো অ্যাডায়ার ও পোলার্ডের ছিল সেটি দ্বিতীয় ম্যাচ।