এফএনএস : ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহ ও ক্রিকেট শো উপস্থাপিকা সানজানা গণেশনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, বুমরাহর সাক্ষাতকার নিচ্ছিলেন সানজানা।। ব্যক্তিগত কারণ দেখিয়ে ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে ও টি-টোয়েন্টি খেলছেন না ভারত তথা বর্তমান সময়ের অন্যতম সেরা এই পেসার।
তাই দুইয়ে দুইয়ে চার মিলিয়ে সকলেই তাদের বিয়ে হওয়ার সম্ভাবনাকে অগ্রিম আশীর্বাদে ভরিয়ে দিচ্ছেন। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের দাবি, ক্রিকেট শো উপস্থাপিকা সানজানা গণেসানের সঙ্গেই বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন বুমরাহ। তাদের বিয়ে হবে ভারতের পর্যটন শহর গোয়াতে। দিন কয়েক আগে দক্ষিণের নায়িকা অনুপামা পরমেস্বরানের সাথেও জসপ্রীত বুমরাহর বিয়ের গুঞ্জন উঠেছিলো।
কিন্তু সেই গুঞ্জন একেবারেই ভুয়া বলে উড়িয়ে দেন অনুপমার মা সুনিতা। উল্লেখ্য, আইপিএলের উপস্থাপনা করে নজরে আসেন সানজানা। ২০১৯ বিশ্বকাপেও স্টার স্পোর্টসে অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্বভার সামলেছেন তিনি। এ ছাড়া ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী সাঞ্জানা মডেলিংও করছেন। ২০১৪ মিস ইন্ডিয়া প্রতিযোগিতার ফাইনালেও পৌঁছেন তিনি।