এফএনএস : জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের চলমান টেস্টে রানের পাহাড় গড়েছে আফগানরা। হাশমতউল্লাহ শাহিদির ডাবল সেঞ্চুরির সুবাধে দেশটির টেস্ট ইতিহাসে সর্বোচ্চ সংগ্রহ করতে সক্ষম হয়েছে তারা। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দ্বিতীয় দিন ৪ উইকেটে ৫৪৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে আফগানিস্তান। এর আগে তাদের সর্বোচ্চ ছিলো ৩৪২, বাংলাদেশের বিপক্ষে। প্রথম ব্যাটসম্যান হিসেবে ২০০ রানের মাইলফলক অতিক্রম করলেন হাশমতউল্লাহ।
দিনের শেষ বেলায় ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়েও পেয়েছে ভালো শুরু। কোনো উইকেট না হারিয়ে প্রিন্স মাসভাউরে ও কেভিন কাসুজার ব্যাটে ৫০ রান নিয়ে দিন শেষ করেছে তারা। আফগানিস্তানের এই রান আবু ধাবিতে এখন পর্যন্ত কোনো দলের পঞ্চম সর্বোচ্চ সংগ্রহ। দলটিকে বিশাল পুঁজি এনে দেওয়ার মূল কারিগর হাশমতউল্লাহ করেন ৪৪৩ বলে ২০০ রান। তার ইনিংসটি সাজানো ২১ চার ও এক ছক্কায়। হাশমতউল্লাহর পাশাপাশি ব্যাট হাতে বড় অবদান রাখেন আসগর আফগানও।
তার ব্যাট থেকে এসেছে ১৬৪ রান। ২৫৭ বলের ইনিংসে ১৪ চারের সঙ্গে আফগানিস্তান অধিনায়ক মারেন দুটি ছক্কা। হাশমতউল্লাহর সঙ্গে আসগরের জুটিটি ছিলো ৩০৭ রানের। জিম্বাবুয়ের বিপক্ষে কোনো দলের যা তৃতীয় সর্বোচ্চ জুটি। হাশমতউল্লাহ টেস্ট মেজাজে ব্যাটিং করে নিজের প্রথম সেঞ্চুরি স্পর্শ করেন ২৭৬ বলে। প্রথম দিনই সেঞ্চুরি করা আসগর এগোতে থাকেন বড় ইনিংস খেলার দিকে। লাঞ্চ বিরতির পর তিনি ১৫০ করেন ২২৭ বলে।