৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী নগরীতে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ৩ জন গ্রেপ্তার

প্রকাশিত: ১৩ মার্চ ২০২১, ৯:৩২ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী নগরীতে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ৩ জন গ্রেপ্তার
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর এলাকায় নিয়মিত মাদক অভিযানের ধারাবাহিকতায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ পৃথক দু’টি অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। গতকাল শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকাল ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কাটাখালী থানার কুখন্ডি সোনারপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়।

তারা হলেন, মো. আবদুস সাত্তারের স্ত্রী মোসা. মাহমুদা খাতুন (২১) ও একই গ্রামের মৃত আবদুল করিমের ছেলে মো. জামাল উদ্দিন (৩৫)। অপরদিকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের অন্য একটি দল গত বৃহস্পতিবার একই সময়ে কাটাখালী থানার কিসমত কুখন্ডি এলাকায় অভিযান চালিয়ে ১০৫ গ্রাম হেরোইন ও ৫০০ গ্রাম গাঁজাসহ মো. সাইহানুর রহমান ওরফে জজ (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। এ সময় তার অটোরিকশাও জব্দ করা হয়।

আটককৃত সাইহানুর বোয়ালিয়া মডেল থানার হেতেম খাঁ এলাকার মো. তারেকের ছেলে। পুলিশ বলছে, মাদকসহ গ্রেপ্তারকৃত মো. সাইহানুর রহমান চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং ছিনতাইচক্রের সদস্য। তার বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বিভিন্ন থানায় অস্ত্র মামলা, ডাকাতি ও মাদক মামলার মতন একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে নগর পুলিশের মুখপাত্র (এডিসি) গোলাম রুহুল কুদ্দুস বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতেও পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্সে নীতিতে চলছে। তাই নিয়মিত মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন