১৯ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীর মাদরাসা ময়দান সংলগ্ন নাইস কনভেনশন সেন্টারে শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি পেলো বিএনপি

প্রকাশিত: ২ মার্চ ২০২১, ৯:২৫ পূর্বাহ্ণ | বিভাগ: lead
রাজশাহীর মাদরাসা ময়দান সংলগ্ন নাইস কনভেনশন সেন্টারে শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি পেলো বিএনপি
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : অবশেষে রাজশাহীতে সমাবেশের অনুমতি পেলো বিএনপি। গতকাল সোমবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপকমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিএনপি একেবারেই মধ্য শহরের রাস্তায় সমাবেশ করার অনুমতি চেয়েছিল। কিন্তু এসব এলাকায় সমাবেশ করলে মানুষের চলাচল বাধাগ্রস্ত হবে। তীব্র যানজট দেখা দেবে। এজন্য মধ্যশহরে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। আমরা বলেছি, ইনডোরে সমাবেশ করতে হবে।’ ‘রাজশাহীর মাদরাসা ময়দান সংলগ্ন নাইস কনভেনশন সেন্টারে বিএনপিকে সমাবেশ করতে অনুমতি দেয়া হয়েছে। তারা যেন প্রস্তুতি নিতে পারে সে জন্য মৌখিকভাবে আগাম তাদের জানিয়ে দেওয়া হয়। সন্ধ্যার মধ্যে তাদের কাছে চিঠি পাঠানো হবে।’

এদিকে, ইনডোরে সমাবেশের অনুমতি প্রসঙ্গে কথা বললে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, ‘আমরা শহরের সাহেববাজার জিরোপয়েন্ট, মনিচত্বর, সোনাদীঘি বা গণকপাড়া এলাকায় সমাবেশের জন্য অনুমতি চেয়েছিলাম। শেষ পর্যন্ত শান্তিপূর্ণ সমাবেশ পালনে রাজশাহীর মাদরাসা ময়দান সংলগ্ন নাইস কনভেনশন সেন্টারে অনুমতি দেওয়া হয়েছে। আমরা সেখানে মঞ্চ প্রস্তত করছি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন এবং ভোট চুরি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর প্রতিবাদে এ বিভাগীয় সমাবেশ করতে যাচ্ছে বিএনপি। সমাবেশে সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত ছয় মেয়র প্রার্থীসহ স্থানীয় ও দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।

এদিকে আজ মঙ্গলবার বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশ ঘিরে ‘হামলার আশঙ্কায়’ এরইমধ্যে রাজশাহী সঙ্গে ঢাকাসহ সব রুটের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়া আকস্মিক বাস বন্ধ করে দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। রাজশাহীর পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের দাবি, বাস চলাচল করলে হামলার আশঙ্কা আছে। তাই শ্রমিকদের নিরাপত্তার কথা বিবেচনা করে তারা বাস চলাচল আপাতত বন্ধ করে দিয়েছেন। পরিস্থিতি বুঝে পরে তারা আবারও বাস চলাচলের সিদ্ধান্ত নেবেন।

এ বিষয়ে রাজশাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মতিউল হক টিটো বলেন, যেহেতু আগামীকাল রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ। এর কারণে তারা বিশৃঙ্খলা ও যানবাহনে সন্ত্রাসী হামলার আশঙ্কা করছেন। এ কারণে তারা সকাল থেকে বাস চলাচল বন্ধ রেখেছেন। যদিও রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন দাবি করে বলেন, বগুড়ায় তাদের এক শ্রমিককে মারধর করা হয়েছে। মারধরকারীদের গ্রেফতারের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করা হচ্ছে। এদিকে রাজশাহী থেকে হঠাৎ বাস চলাচল বন্ধের কারণে দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা। তারা অনেকেই কাউন্টারে এসে ফিরে যাচ্ছেন।

এছাড়া বিকল্প পথে হিসেবে অন্য যানবাহনে নিজ নিজ গন্তব্যে রওয়ানা দিচ্ছেন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ কাউন্টারগুলো বন্ধ রাখা হয়েছে। রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, এখন পর্যন্ত তাদের বিভাগীয় সমাবেশের অনুমতি ও স্থান নির্ধারণ করে দেওয়া হয়নি। এর ওপর সকাল থেকে হঠাৎই রাজশাহী থেকে ঢাকাসহ সব রুটের বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এর কারণ বিভাগীয় সমাবেশে যেন মানুষ না আসতে পারে। এছাড়া আর কিছু না। এটি রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশ নস্যাৎ করার অপচেষ্টা বলেও দাবি করেন বিএনপির এ নেতা।

এদিকে নওগাঁ প্রতিনিধি জানান, নাশকতার আশংকা ও যানবাহনের ক্ষতি রক্ষায় পূর্ব ঘোষণা ছাড়াই নওগাঁ-রাজশাহী সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। গতকাল সোমবার দুপুর থেকে দূর পাল্লার সব ধরনের যানবাহন চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ জেলা সড়ক-পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। পূর্ব ঘোষনা ছাড়াই হঠাৎ করে শহরের বালুডাঙ্গা বাসস্টান্ড থেকে দূর পাল্লার বাস চলাচল বন্ধ করে দেওয়ায় চরম বিপাকে পড়েছে সাধারন যাত্রীরা।

নওগাঁ জেলা সড়ক-পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, ২ মার্চ রাজশাহী মহানগরীতে রাজনৈতিক সমাবেশ ডেকেছে বিএনপি। এরই মধ্যে বিভিন্ন জায়গায় গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে আমরা জেনেছি। তাই বড় ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে ও ক্ষতি থেকে বাঁচতে আগে থেকেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে বলেও জানান তিনি।

মান্দা প্রতিনিধি জানান, আজ মঙ্গলবার রাজশাহী মহানগর বিএনপির মহাসমাবেশ সফল করতে মান্দায় বিএনপির উদ্যোগে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলাস্থ দলীয় কার্যালয় থেকে র‌্যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালির নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক এমপি সামসুল আলম প্রামানিক।

র‌্যালিতে নওগাঁ জেলা বিএনপির সদস্য ডা. ইকরামুল বারী টিপু ও মনোজিৎ কুমার সরকার, উপজেলা বিএনপির সদস্য মকলেছুর রহমান মকে, নওগাঁ জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক ডিএম আব্দুল মালেক, যুবদল মান্দা উপজেলা শাখার যুগ্ম আহবায়ক আব্দুল জলিল, ছাত্রদলনেতা আল মামুন, শহিদুজ্জামান সালেকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন