এফএনএস : লিভারপুল ও ব্রাজিল জাতীয় দলের গোলরক্ষক অ্যালিসন বেকারের বাবা জোসে বেকার আর নেই। বেড়াতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে তার। গত বুধবার ব্রাজিলের স্থানীয় সময় বিকেলে অবকাশ যাপনকালে লেকে সাঁতার কাটতে গিয়ে ডুবে মারা যান ৫৭ বছর বয়সী জোসে।
ব্রাজিলের লাভারাস ডু সুল শহরে অবকাশ যাপন করছিলেন অ্যালিসনের বাবা। লেকে নামার পরেই নিখোঁজ হয়ে যান তিনি। অভিযানের পর রাত ১২টার দিকে তার মরদেহ উদ্ধার হয়। প্রিয় তারকার বাবার মৃত্যুতে বিশ্বজুড়ে অ্যালিসনের ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন।