২০ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহীতে বাড়ির সামনে যুবককে ছুরিকাঘাত করে হত্যা

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৩৬ অপরাহ্ণ | বিভাগ: lead
রাজশাহীতে বাড়ির সামনে যুবককে ছুরিকাঘাত করে হত্যা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে পূর্ব শত্রুতার জেরে দিন-দুপুরে বাড়ির সামনে ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করা হয়েছে। নিহতের নাম মো. সাব্বির (২১)। তিনি শাহিন ইসলামের ছেলে এবং নগরের শাহমখদুম থানার পবা রাইসমিলপাড়া এলাকার বাসিন্দা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একই মহল্লার আমিরুল ইসলামের ছেলে মো. জাসন (২৫) এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, জাসন মাদকাসক্ত এবং গত এক সপ্তাহ ধরে এলাকায় তার দৌরাত্ম্য বেড়ে গিয়েছিল। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। নিহত সাব্বির তার বাবার খাবারের হোটেলে কাজ করতেন। ছুরিকাঘাতের পর তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, সাব্বিরের বুকে গভীর ক্ষত ছিল এবং হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাসনের মা শিরিন বেগম তার আধা কাঠা জমি সাব্বিরের বাবা শাহিন ইসলামের কাছে বিক্রি করেন। জমি বিক্রিকে কেন্দ্র করে জাসন ক্ষুব্ধ ছিলেন। এর জেরে মঙ্গলবার শাহিন ইসলামকে মারধর করেন তিনি। পরদিন বুধবার দুপুরে বাড়ির সামনে সাব্বিরকে পেয়ে বুকে ছুরি মেরে পালিয়ে যান। শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, মরদেহ হাসপাতালে নেওয়ার পর পুলিশ খবর পায়। এর আগেই অভিযুক্ত জাসন পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এবং এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন