শনিবার

৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
বিশ্বে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি হল ভ্যাকসিন, মানবদেহে সফল পরীক্ষা বাগমারার তাহেরপুর হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে : শিল্পমন্ত্রী নওগাঁ সীমান্তে বিএসএফ’র পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি তানোরে যেভাবে প্রাণ গেলো ৭টি গরুর তানোরে খাল পুনঃখনন পরিদর্শনে জেলা প্রশাসক গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি সীমানে ২৮ জনকে পুশইনের আপচেষ্টা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা-প্রশিক্ষণে অগ্রাধিকার : প্রধানমন্ত্রী প্রযুক্তির সাহায্যে ভুল-অপতথ্যের প্রচার মোকাবিলা এখন বড় চ্যালেঞ্জ : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঈদে রেলের বাড়তি চাপ সামলাতে নানা উদ্যোগ

Paris
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

ঈদুল ফিতর উপলক্ষে বাড়তি যাত্রীচাপ সামাল দিতে একগুচ্ছ বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর মধ্যে রয়েছে- আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন প্রত্যাহার, মনিটরিং সেল গঠন, গুরুত্বপূর্ণ স্টেশন ও সিগন্যাল কেবিনে কড়া তদারকি, রেলপথ ও সেতুতে বিশেষ নিরাপত্তা, রিলিফ ট্রেন প্রস্তুত রাখা এবং ঈদের দিন বিশেষ ব্যবস্থাপনায় কিছু মেইল এক্সপ্রেস ট্রেন চালানো। পাশাপাশি নির্দিষ্ট সময়ের জন্য কন্টেইনার ও জ্বালানি তেলবাহী ট্রেন ছাড়া অন্যান্য গুডস ট্রেন চলাচল বন্ধ থাকবে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক তথ্য বিবরণীতে বলা হয়, ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন প্রত্যাহার করা হবে। ঈদের পরে যথারীতি সাপ্তাহিক অফ-ডে কার্যকর থাকবে। নিরাপদ ও সুষ্ঠুভাবে ট্রেন পরিচালনা এবং সময়ানুবর্তিতা নিশ্চিত করতে ডিভিশনাল ও জোনাল কন্ট্রোলে পৃথক মনিটরিং সেল গঠন করে কর্মকর্তাদের ইমার্জেন্সি ডিউটি দেওয়া হবে। গুরুত্বপূর্ণ ও জংশন স্টেশন এবং সিগন্যাল কেবিনে কর্মকর্তা ও পরিদর্শকরা সরাসরি তদারকি করবেন। দুর্ঘটনা প্রতিরোধে রেলপথ পেট্রোলিং জোরদার করা হবে। রেলসেতুর নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। সিগন্যালিং ব্যবস্থা, কোচ ও ইঞ্জিনের নিবিড় পরীক্ষা সম্পন্ন করা হবে। দুর্ঘটনা ঘটলে দ্রুত সাড়া দিতে রিলিফ ট্রেন সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। ১৯ মার্চ রাত ১টার পর থেকে ঈদের দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত কন্টেইনার ও জ্বালানি তেলবাহী ট্রেন ছাড়া অন্যান্য গুডস ট্রেন চলাচল বন্ধ থাকবে। ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও খুলনাসহ বড় স্টেশনগুলোতে জিআরপি, আরএনবি, বিজিবি, র‌্যাব ও স্থানীয় পুলিশের সহযোগিতায় টিকেটবিহীন যাত্রী প্রবেশ রোধে সার্বক্ষণিক প্রহরা থাকবে। চলন্ত ট্রেন, স্টেশন ও রেললাইনে নাশকতা প্রতিরোধেও নিরাপত্তা জোরদার করা হবে।
ঈদযাত্রায় ট্রেনের কোন তারিখের টিকিট কবে মিলবে: আগামী ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি করা হবে। আর ফিরতি যাত্রার টিকিট বিক্রি হবে ১৩ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত। এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। ঈদের অগ্রিম ও ফিরতি যাত্রার সব টিকিট শতভাগ অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে। একজন যাত্রী অগ্রিম ও ফিরতি যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবারে সর্বাধিক চারটি করে টিকিট কিনতে পারবেন। এদিকে, যাত্রীদের টিকিট ক্রয় সহজলভ্য করতে পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩ মার্চ বিক্রি করা হবে ১৩ মার্চের যাত্রার টিকিট। ৪ মার্চ পাওয়া যাবে ১৪ মার্চের টিকিট। একইভাবে ৫ মার্চ বিক্রি হবে ১৫ মার্চের, ৬ মার্চ ১৬ মার্চের, ৭ মার্চ ১৭ মার্চের, ৮ মার্চ ১৮ মার্চের এবং ৯ মার্চ বিক্রি করা হবে ১৯ মার্চের যাত্রার অগ্রিম টিকিট। ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের যাত্রার টিকিট বিক্রি করা হবে। ঈদের পর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ। সেদিন বিক্রি করা হবে ২৩ মার্চের টিকিট। ১৪ মার্চ পাওয়া যাবে ২৪ মার্চের টিকিট, ১৫ মার্চ ২৫ মার্চের, ১৬ মার্চ ২৬ মার্চের, ১৭ মার্চ ২৭ মার্চের, ১৮ মার্চ ২৮ মার্চের এবং ১৯ মার্চ বিক্রি করা হবে ২৯ মার্চের ফিরতি যাত্রার টিকিট।
ঈদের স্পেশাল ট্রেন কখন কোনটা ছাড়বে: এবার ঈদযাত্রায় নিয়মিত ট্রেনের পাশাপাশি পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এতে অতিরিক্ত যাত্রীচাপ সামাল দেওয়া সহজ হবে বলে আশা করছে সংস্থাটি। ঈদের অগ্রিম ও ফিরতি যাত্রার কোনো টিকিট রিফান্ড করা যাবে না। তবে যাত্রার দিন মোট আসনের (উচ্চ শ্রেণী ব্যতীত) ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। তথ্য বিবরণীতে জানানো হয়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিশেষ ট্রেনগুলো বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে চলাচল করবে। চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চলবে চাঁদপুর ঈদ স্পেশাল-১ ও ২। চাঁদপুর ঈদ স্পেশাল-১ চট্টগ্রাম থেকে ৩টা ৩০ মিনিটে ছেড়ে ৮টা ২০ মিনিটে চাঁদপুর পৌঁছাবে। চাঁদপুর ঈদ স্পেশাল-২ চাঁদপুর থেকে ৪টায় ছেড়ে ৮টা ৫০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে। ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে তিস্তা স্পেশাল-৩ ও ৪ চলবে। তিস্তা স্পেশাল-৩ ঢাকা থেকে ৯টা ৩০ মিনিটে ছেড়ে ৩টা ৩০ মিনিটে দেওয়ানগঞ্জ পৌঁছাবে। তিস্তা স্পেশাল-৪ দেওয়ানগঞ্জ থেকে ৪টা ৩০ মিনিটে ছেড়ে ১০টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে। ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল-৫ ও ৬ চলবে। স্পেশাল-৫ ভৈরববাজার থেকে ৬টা ছেড়ে ৮টায় কিশোরগঞ্জ পৌঁছাবে। স্পেশাল-৬ কিশোরগঞ্জ থেকে ১২টা ছেড়ে ২টায় ভৈরববাজার পৌঁছাবে। ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল-৭ ও ৮ চলবে। স্পেশাল-৭ ময়মনসিংহ থেকে ৫টা ৪৫ মিনিটে ছেড়ে ৮টা ৩০ মিনিটে কিশোরগঞ্জ পৌঁছাবে। স্পেশাল-৮ কিশোরগঞ্জ থেকে ১২টায় ছেড়ে ৩টায় ময়মনসিংহ পৌঁছাবে। জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ ও ১০ চলবে। স্পেশাল-৯ জয়দেবপুর থেকে ৭টা ছেড়ে ২টা ৩০ মিনিটে পার্বতীপুর পৌঁছাবে। স্পেশাল-১০ পার্বতীপুর থেকে ৮টা ১৫ মিনিটে ছেড়ে ২টা ২০ মিনিটে জয়দেবপুর পৌঁছাবে। ঈদের পর পার্বতীপুর স্পেশাল-৯ জয়দেবপুর থেকে ৮টা ১৫ মিনিটে ছেড়ে ২টা ৫০ মিনিটে পার্বতীপুর পৌঁছাবে। আর স্পেশাল-১০ পার্বতীপুর থেকে ১০টা ২০ মিনিটে ছেড়ে ৫টা ৪৫ মিনিটে জয়দেবপুর পৌঁছাবে। ঈদে বিশেষ এই ট্রেন পরিচালনার ফলে ঈদযাত্রায় অতিরিক্ত যাত্রীচাপ অনেকটাই কমবে বলে আশা করছে রেলওয়ে কর্তৃপক্ষ।-
এফএনএস

 


আরোও অন্যান্য খবর
Paris