বাগমারায় বারানই নদী থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার
স্টাফ রির্পোটার : রাজশাহীর বাগমারায় নিখোঁজের এক দিন পর নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ জুন) রাতে উপজেলার হাসনিপুর টাটা ইটভাটার নিচে বারনই নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
মারা যাওয়া যুবকের নাম নাজমুল হক (৩৫)। তিনি উপজেলার গণিপুর ইউনিয়নের হাসনিপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে। গত বুধবার বিকেলে তিনি হাসনীপুর বাজারে আসার জন্য বাড়ি থেকে বের হন। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।
পরিবারের লোকজন জানায়, গত বুধবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি নাজমুল। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁকে পাননি পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার সন্ধ্যা পর স্থানীয় ইটভাটার শ্রমিকেরা নদীতে পা ধুতে গিয়ে লাশটি ভাসতে দেখে। তাদের চিৎকারে আশপাশের লোকজন নদীর তীরে চলে আসে। রাত আটটার দিকে নাজমুলের বাবা ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেন। তাঁর শরীরে জার্সি, হাতঘড়ি ও প্যান্টের পকেটে হেডফোন ছিল। তবে তাঁর মুঠোফোন পাওয়া যায়নি। শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না।
নাজমুলের বাবা আফজাল হোসেন বলেন, বুধবার ছেলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। বৃহস্পতিবার সন্ধ্যার পর ছেলের লাশ পাওয়ার খবর পেয়ে ছুটে এসেছেন। কীভাবে মারা গেলেন তাঁর ছেলে তা বলতে পারেননি তিনি।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। লাশটির ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রির্পোট পেলেই মৃত্যুর প্রকৃত ঘটনা জানান যাবে বলে তিনি জানিয়েছেন। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
