রাজশাহীতে তিন দিন ব্যাপী ভূমি মেলা শুরু
স্টাফ রিপোর্টার : ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (২৫ মে) সকালে রাজশাহী বোয়ালিয়া থানা ভূমি অফিস প্রাঙ্গনে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৫ শুরু হয়েছে। এ উপলক্ষে সকালে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে প্রধান অতিথি হিসেবে বেলুন ফেস্টুন উড়িয়ে ভূমি মেলার শুভ উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। উদ্বোধন শেষে প্রতিপাদ্য বিষয়ে ভূমি অফিস চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় খোন্দকার আজিম আহমেদ বলেন, ভূমি মেলার মূল উদ্দেশ্য হলো সকলকে ভূমি সংক্রান্ত বিষয়ে জানানো। শিক্ষার্থীদের নামজারি বোঝাতে গিয়ে তিনি বলেন, তোমার নিজের নামে যদি একটু ভূমি থাকে বা একটি বাড়ি থাকে তাহলে একটি কাগজ থাকবে আর সেই কাগজের নাম হবে খতিয়ান বা পর্চা। সেই খতিয়ানে তোমার নাম লেখা থাকবে। যেহেতু তোমার নাম লিপিবদ্ধ হলো সুতরাং তোমার নামে নামজারি করা হলো। নামজারি হওয়ার সাথে সাথে তোমার নামে একটি কাগজও তৈরি হয়ে গেল।
রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকার, ড. চিত্রলেখা নাজনীন এবং উপ-ভূমি সংস্কার কমিশনার মোছা: তাছলিমা খাতুন। মেলায় ভূমি কর বিষয়ক ৮টি বুথ স্থাপন করা হয়। ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ১৮ জনের মাঝে ১ কোটি ৭৩ লক্ষ টাকার চেক প্রদান করা হয়। উল্লেখ্য যে, রাজশাহী বিভাগে মোট ২১টি নাগরিক ভূমিসেবা কেন্দ্র আগামী ০১ জুন-২০২৫ থেকে চালু হবে।

পবা
স্টাফ রিপোর্টার : পবা উপজেলা ভূমি অফিসের আয়োজনে উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার (২৫ মে) সকাল ৯টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বেলুন-ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। এরপর, ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা ভূমি অফিস চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এই মেলা চলবে ২৭ মে পর্যন্ত। ভূমি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদ হাসান। এসময় সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদ হাসান বলেন, মেলার মূল উদ্দেশ্য হলো ভূমি-সম্পর্কিত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। মেলায় এসে নাগরিকরা সহজেই খতিয়ান উত্তোলন, নামজারি, জমা খারিজ, অনলাইনে ভূমি কর পরিশোধসহ নানা সেবা গ্রহণ করতে পারছেন। এতে ভোগান্তি কমবে ও ভূমি প্রশাসনের প্রতি মানুষের আস্থা বাড়বে। এসময় উপস্থিত ছিলেন- বড়গাছী ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা বীনা খাতুন, নওহাটার উপ-সহকারী ভূমি কর্মকর্তা মেহেদী হাসান, পারিলা ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা কামাল হোসেন, কাশিয়াডাঙ্গার ওসমান গনি, দারুশার উপ-সহকারী ভূমি কর্মকর্তা আমান উল্লাহ, হরিয়ানের মোস্তফা জামান, কাশিয়াডাঙ্গার উপ-সহকারী ভূমি কর্মকর্তা শাজাহান আলী প্রমুখ।
বাগমারা
স্টাফ রির্পোটার : রাজশাহীর বাগমারায় তিন দিন ব্যাপী ভুমি মেলার ২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে। ভুমি মেলা উদ্বোধন উপলক্ষে রোববার (২৫ মে) বেলা সাড়ে ১১ টায় উপজেলা ভুমি অফিসের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিন শেষে উপজেলা ভুমি অফিসে এক আলোচনা সভায় মিলিত হন।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মেহেদী হাসানের সঞ্চালনায় ভুমি মেলায় ভুমি সেবা উপলক্ষে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা এলজিইডি’র প্রকৌশলী খলিলুর রহমান, উপজেলা কৃষি অফিসার আব্দুর রাজ্জাক, উপজেলা মৎস্য অফিসার আক্তারুজ্জামান, উপজেলা প্রানী সম্পাদক কর্মকর্তা আহসান হাবীব, বাগমারা প্রেস ক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ, সাধারন সম্পাদক হেলাল উদ্দীন প্রমুখ।
মান্দা
মান্দা সংবাদদাতা : নওগাঁর মান্দা উপজেলায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা ও ভূমি সেবা বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদ হল রুমে এ মেলার উদ্বোধন করা হয়। এর আগে একটি র্যালি উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। উপজেলা রাজস্ব প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আলম মিয়া।
সভায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এমএ মতিন, উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে এবং সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু, ইউপি চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল ও আব্দুল মতিন মণ্ডল। অনুষ্ঠানে বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই ধরনের মেলার কোনো বিকল্প নেই। ভূমি অফিসের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পত্নীতলা
রবিউল ইসলাম, পত্নীতলা : নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি স্লোগানে নওগাঁর পত্নীতলা উপজেলায় ভূমি মেলা শুরু হয়েছে। উপজেলা ভূমি অফিসের আয়োজনে রবিবার (২৫ মে) সকাল ১০ টায় উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি র্যালি বের করে ভূমি অফিসে গিয়ে শেষ হয়। র্যালি শেষে তিনদিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলন। এ সময় উপস্থিত ছিলেন, পত্নীতলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুর রহিম, কৃষি অফিসার সোহারাব হোসেন, প্রাণীসম্পদ অফিসার ডা. আশীষ কুমার দেবনাথ, মাধ্যমিক শিক্ষা অফিসার এটিমএম জিল্লুর রহমান, সমাজসেবা অফিসার ফিরোজ আল মামুন প্রমুখ। উপজেলা ভূমি অফিস চত্ত্বরে সেবা বুথের মাধ্যমে তিনদিন ব্যাপী ভূমি মেলার বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া জানান, উপজেলার ৫টি ইউনিয়ন ভূমি অফিসে এই মেলার আয়োজন করা হয়েছে।
