বাগমারা প্রতিনিধি : রাজশাহীর বাগমারা উপজেলায় শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ কৃষকদের অনুদানের তালিকা প্রণয়নের অভিযোগে গণিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার ও ইউনিয়ন কৃষি উপসহকারি কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন বিক্ষোভ প্রতিবাদ সভা গতকাল সোমবার (১২ মে) সকাল ১০.৩০ টায় ইউনিয়ন পরিষদের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত হয়েছে। গণিপুর ইউনিয়নের ২০-২৫ টি গ্রামের কৃষকরা এ মানববন্ধনের আয়োজন করেন। কৃষকরা জানান, গণিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু, ইউপি সদস্য মজনু, লাল মোহাম্মাদ, আকবর আলী ও কৃষি উপসহকারি কর্মকর্তা অজিত ঘোষ ও মামুন শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা প্রণয়ন না করে নিজেদের ইচ্ছামত কৃষকের তালিকা প্রণয়ন করে জেলা-উপজেলা প্রশাসনে পাঠায়। এতে করে প্রকৃত ক্ষতিগ্রস্থ কৃষকরা সরকারি অনুদান থেকে বঞ্চিত হয়েছে। গত ৫ মে ২০২৫ ইং বৃহস্পতিবার বিকেলে রাজশাহীর বাগমারা উপজেলার গণিপুর ইউপির বেশ কয়েকটি গ্রামে শিলা বৃষ্টিতে কৃষকরা তাদের ফসলের মাঠে ধান, আম, পানপাতা, ঘরবাড়ির ঢেউটিনসহ ক্ষতিগ্রস্থ হন। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, বাগমারা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শামসুজ্জোহা বাদশা, গণিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস জব্বার খাঁ, গণিপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক গোলাম মর্তুজা বকুল, সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান সাদেক, গোলাম মাওলা, সম্রাট, পাপলুসহ এলাকার শতশত কৃষক সমাজ মানববন্ধনে অংশগ্রহন করেন। শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ প্রকৃত কৃষকের তালিকা প্রণয়নের জেলা-উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।