রাজধানীর রায়েরবাজারে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। জিয়ারত শেষে এনসিপির নেতারা ডান-বামের বিভাজনের মধ্যে না গিয়ে মধ্যপন্থি রাজনীতি সূচনার অঙ্গীকারের কথা জানান। মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জিয়ারত শেষ সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ অন্যান্য নেতারা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন বলেন, দ্রুততম সময়ের মধ্যে খুনি হাসিনার দৃশ্যমান বিচার দেখতে চাই। এতে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের প্রতি কিছুটা সুবিচার সম্ভব হবে। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগের ব্যাপারে রাজনৈতিক ফায়সালা দরকার। তিনি আরও বলেন, নতুন প্রজাতন্ত্র গড়তে একটি নতুন সংবিধান দরকার। এর মাধ্যমেই কেবল শাসন কাঠামো ও পুরনো সংবিধান পরিবর্তন করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। এসময় দলটির সদস্যসচিব আখতার হোসেন ডান-বামের বিভাজনের মধ্যে না গিয়ে মধ্যপন্থি রাজনীতির সূচনা করার অঙ্গীকারের কথা জানান। রাজনৈতিক দল গঠনের পর প্রথম দলীয় কর্মসূচিতে এর আগে সকাল ৭টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় এনসিপি। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
জাতীয় স্মৃতিসৌধ শ্রদ্ধা : জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এরপর এক মিনিট নীরবতা পালন করেন এনসিপি নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে নাহিদ ইসলাম বলেন, ২০২৪ গণঅভ্যুত্থানসহ সব লড়াইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই। তিনি বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন রাষ্ট্র পেলেও ফ্যাসিবাদের কারণে আমাদের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছিল। আমাদের যে গণতান্ত্রিক কাঠামো, তা বারবার ভেঙে পড়েছে। আমাদের একটি গণতান্ত্রিক সংবিধান গড়তে হবে। তিনি বলেন, আজ জাতীয় নাগরিক পার্টির প্রথম কর্মসূচি হিসেবে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছি। আজ থেকে আমাদের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হলো। এর আগে সকালে বাসে করে স্মৃতিসৌধে যান দলের নেতা-কর্মীরা। এরপর স্লোগান দিতে দিতে তারা স্মৃতিসৌধের বেদিতে যান এবং পুষ্পস্তবক অর্পণ করেন। নাহিদ ইসলাম ছাড়াও সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সেখানে বক্তব্য দেন।-এফএনএস