মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ দৌড় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী সদর দপ্তর ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়ার তত্ত্বাবধানে, এডহক ৪০ ইস্ট বেঙ্গল (মেকানাইজড) এর আয়োজনে এবং জেলা প্রশাসক রাজশাহীর সার্বিক সহযোগিতায় গতকাল বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে ভবানীগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের মূল ফটক থেকে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা আরম্ভ হয়।
দীর্ঘ ৫ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শেষে ১০জন সেরা প্রতিযোগিদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ, বাংলাদেশ সেনাবাহিনী সিনিয়র ওয়ারেন্ট অফিসার সামস্, বাগমারা প্রেসক্লাবের সভাপতি আলতাফ হোসেন মন্ডল, সাধারণ সম্পাদক হেলাল উদ্দীন প্রমুখ। উক্ত ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকার ৫ শতাধিক ব্যক্তি অংশ গ্রহণ করেন।