রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য ও ইমাম নিহত
স্টাফ রিপোর্টার : রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় এক সেনা সদস্য ও একজন ইমাম নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে জেলার মোহনপুর উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কের সইপাড়া নামক স্থানে সিএনজিচালিত অটোরিকশা ও খড়বোঝাই নসিমনের সংঘর্ষে তারা প্রাণ হারান। দুর্ঘটনার পর সিনএনজিচালিত অটোরিকশা ও নসিমন চালককে আটক করেছে পুলিশ। নিহত দুজন হলেন মো. পলাশ (২২) ও আবদুল কুদ্দুস (৪০)। এরমধ্যে পলাশ সেনাবাহিনীর সৈনিক হিসেবে সাভার সেনানিবাসে কর্মরত ছিলেন। তিনি নওগাঁর মান্দা উপজেলার দাসপাড়া গ্রামের মমতাজুল ইসলামের ছেলে। আর আবদুল কুদ্দুস মোহনপুর উপজেলার স্থানীয় একটি মসজিদের ইমাম। তিনি নওগাঁ জেলার রানীনগর থানার উপর তালিমপুর গ্রামের মৃত তোতা হাজির ছেলে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে রাজশাহীর দিক থেকে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা নওগাঁয় যাচ্ছিল। মহাসড়কের সইপাড়া নামক স্থানে পৌঁছালে সিএনজিচালিত অটোরিকশা আরেকটি মাহেন্দ্রা থ্রি-হুইলার গাড়িকে দ্রুত ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনচালিত খড়বোঝাই নসিমনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সড়কের ওপর ছিটকে পড়েন পলাশ ও আবদুল কুদ্দুস যান। দুর্ঘটনায় তাদের দুজনেরই মাথায়, হাতে ও পায়ে মারাত্মক জখম হয়। মুমুর্ষু অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাদের মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। রাজশাহীর মোহনপুর থানার ওসি আবদুল হান্নান জানান, এই ঘটনায় সিএনজি চালিত অটোরিকশা ও নসিমন চালককে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে এই ঘটনায় থানায় মামলা হবে। এ ছাড়া আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
