রাজশাহী মটর শ্রমিক ইউনিয়ন কার্যালয় দখলের অভিযোগ
স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা মটর শ্রমিক ইউনিয়নের নওদাপাড়া ও শিরোইল বাস টার্মিনালে অবস্থিত কার্যালয়ে কিছু দুর্বৃত্ত ও দুস্কৃতকারী অতর্কিত হামলা চালিয়ে তালা ভেঙ্গে কার্যালয় দখল করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (০৮ আগস্ট)ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ইউনিয়নের নির্বাচিত নেতারা।
গতকাল বেলা ২:০০ ঘটিকায় ফটো জার্নালিস্ট এসোসিয়েশন কার্যালয়ে লিখিত বক্তব্য পাঠ করেন সিনিয়র সভাপতি রফিক আলী পাখি। তিনি বর্তমানে ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করছেন। উক্ত সময় আরো উপস্থিত ছিলেন, ইউনিয়নের যুগ্ম সম্পাদক মোঃ গাজী, সাংগঠণিক সম্পাদক ফেরদৌস ও সুলতান আলী, সাংস্কৃতিক ক্রীড়া ও প্রচার সম্পাদক গোলাম আলম জুলমত, সড়ক সম্পাদক সজীব আহমেদ, কাজিরুল ইসলাম সেলিম ও রিংকু কুমার দাস, কার্যকারী সদস্য আমজাদ হোসেন, সজল হোসেন, সেলিম হোসেন ও পারভেজ হক প্রমূখ।
লিখিত বক্তব্যে রফিক আলী পাখি বলেন, গত ৬ আগস্ট সকালে দুর্বৃত্তরা দলবদ্ধ হয়ে ইউনিয়নের কার্যালয় দুটো জোড়পূর্বক দখল করেন। গত ৩০-০৯-২০২৩ ইং তারিখে ত্রি-বার্ষিক নির্বাচনের মাধ্যমে বিজয়ী হওয়া ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী সদস্যরা কার্যালয়ে প্রবেশ করতে গেলে তারা বাঁধা প্রদান করেন এবং হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করেন। গত ৬ আগস্ট থেকে আজ অবদি দুস্কৃতিকারিরা ইউনিয়নের কার্যালয় দখল করে রেখেছে। অবৈধ দখলদারদের আইন শৃঙ্খলা বাহিনী কিংবা আইনের মাধ্যমে সেখান থেকে বিতারিত করতে না পারলে বৈধ নির্বাচিত কার্যনির্বাহী সদস্যদের সাথে অনাকাঙ্খিত একটি হট্টগোল ও রক্তপাত হবার সম্ভাবনা তৈরি হতে পারে। তাই সাংবাদিক ভাইদের মাধ্যমে আইনের সহায়তা নিয়ে আমরা আমাদের কার্যালয়ে পুণরায় যেতে চাই। অন্যথায়, মটর শ্রমিক ইউনিয়নের সম্পদ ও অর্থ বিনষ্ট লুটপাট ও চুরি ঘটনা ঘটতে পারে বলে আমরা আশঙ্কা করছি। ইউনিয়নের কার্যালয়টি জোড়পূর্বক দখল করার সাথে জড়িতরা হলেন, শাখাওয়াত হোসেন রঞ্জু, মেরাজুল ইসলাম মেরাজ, গোলাম রেজা সিদ্দিক সুনু, মুনজুর হোসেন, শামিম, আব্দুল হাকিম রাজা, শাহজাহান আলী, ইয়াকুব আলী, রোমান, সাইফুল ইসলাম, স্বপন আলী শওকত, সুরমান আলী সহ অজ্ঞাত আরো অনেকেই।
