এফএনএস : নিজেদের মাঠে ব্রেস্টের সঙ্গে গোল শুন্য ড্র করা সত্বেও লিগ ওয়োনের শীর্ষে ফিরেছে লিলি। এদিকে ইনজুরি টাইমে লরিয়েন্টের বিপক্ষে গোল পরিশোধের মাধ্যমে মোনাকোকে পরাজয়ের হাত থেকে রক্ষা করেছেন উইসাম বেন ইয়েদার। যদিও পুনর্গঠিত লরিয়েন্ট থামিয়ে দিয়েছে ক্লাবটির টানা সাত ম্যাচের জয় রথ। পরপর সাত ম্যাচের মধ্যে এই প্রথম পয়েন্ট খোয়ানো ক্রিস্টোফ গ্যালটিয়ারের দল লিলি এদিন প্রতিপক্ষের গোল পোস্ট লক্ষ্য করে একটি শটও নিতে পারেনি। ফলে মাত্র এক পয়েন্টে এগিয়ে রয়েছে শিরোপার দৌঁড়ে থাকা বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) চেয়ে। ম্যাচের দ্বিতীয়ার্ধে অবশ্য লিলির হয়ে বল জালে পাঠিয়েছিলেন কানাডিয় আন্তর্জাতিক জোনাথন ডেভিড। কিন্তু সেন্টার ব্যাক হোসে ফন্টের হ্যান্ডবলের কারণে গোলটি বাতিল হয়ে যায়। গ্যালটিয়ার বলেন,‘ গোল না পেয়ে যতটা না হতাশ হয়েছি, তার চেয়ে বেশী হতাশ হয়েছি আক্রমনভাগে আমাদের কাজ দেখে।
অন্যদের ফলাফলও আমাদের পক্ষে থাকায় আরো এগিয়ে যাবার দারুন সুযোগ এসেছিল।এই ধরনের খেলায় আপনাকে আরো বাড়তি মনোযোগ ও ব্যক্তিত্ব নিয়ে খেলতে হবে।’ এদিকে লরিয়েন্টের সঙ্গে ২-২ গোলে ড্র করতে মোনাকোর হয়ে জোড়া গোল করতে হয়েছে বেন ইয়েদারকে। তারপরও লরিয়েন্ট হচ্ছে প্রথম কোন দল যারা নতুন বছর নিকো কোভাকের দল থেকে পয়েন্ট কেড়ে নিতে সক্ষম হল। স্তাদে লুইস দুইয়ে অনুষ্ঠিত ম্যাচের সপ্তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে লরিয়েন্টকে এগিয়ে দেন নাইজেরিয় স্ট্রাইকার টেরেম মোফি। বিরতির পরপরই ৪৮ মিনিটে পেনাল্টি থেকে গোলটি পরিশোধ করে দেন ফরাসি তারকা বেন ইয়েদার। পেনাল্টি এলাকায় হ্যান্ডবলের কারণে এই পোল্টিটি লাভ করেছিল মোনাকো। কিন্তু ৬২ মিনিটে ফের গোল করে লরিয়েন্টকে আবারো এগিয়ে দেন মোফি।
কিন্তু ইনজুরি টাইমে ভলির সাহায্যে আবারো গোলটি পরিশোধ করে দেন বেন ইয়েদার। এটি ছিল চলতি মৌসুমে তার ১৩তম গোল। খেলা শেষে কোভাক বলেন,‘ আমরা আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারিনি। তার পরও একটি পয়েন্ট অর্জন করেছি। এমন কন্ডিশনে পয়েন্ট পাওয়াটা ভাল।’ এদিকে এ্যাঞ্জার্সে অনুষ্ঠিত ম্যাচে জয়ের দেখা পেয়েছে ১৬টি ম্যাচে জয়হীন থাকা নতেঁ। তারা ৩-১ গোলে হারিয়েছে স্বাগতিক এ্যাঞ্জার্সকে। অপরদিকে চার ম্যাচের মধ্যে তৃতীয় জয় নিশ্চিত করেছে সেন্ট এতিয়েন। তারা ২-০ গোলে হারিয়েছে রেনেকে। এ ছাড়া স্ট্রাসবুর্গ ২-১ গোলে মেজকে এবং নিমেস ২-০ গোলে স্বাগতিক ডিয়নকে পরাজিত করেছে। গোলশুন্য ড্র হয়েছে বর্দু ও মার্শেইর মধ্যকার লীগ ম্যাচ।