পবা প্রতিনিধি
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহা. আসাদুজ্জামান আসাদ বলেছেন, অতীতে যদি পবার সাধারণ মানুষের সাথে কোনো নির্যাতন-নিপীড়ন করে থাকে, আমি কথা দিচ্ছি দল-মত নির্বিশেষে এসব কাজ পবার মাটিতে আর হবে না। যদি হয় প্রয়োজনে এমপিত্ব ছেড়ে দিয়ে চলে যাবো, মানুষের ভালোবাসা ছাড়বো না। আমার কাছে এমপি পদের থেকে মানুষের ভালোবাসার দাম বেশি। আমি আপনাদের ভালোবাসা নিয়েই রাজনীতি করতে চাই। যারা এই মাটি ও মানুষের সাথে অন্যায় এবং অপরাধ করেছে, তারা আগামীতে ছাড় পাবে না। পবার বড়গাছি এলাকায় নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে রাজশাহীর পবা উপজেলার বড়গাছি এলাকায় গণসংযোগ ও নির্বাচনী সভা করেন আসাদুজ্জামান আসাদ। ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠ ও দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত পৃথক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি। আসাদুজ্জামান আসাদ বলেন, আওয়ামী লীগ ১৫ বছর রাষ্ট্রীয় ক্ষমতায়, শেখ হাসিনা মানুষের ভাগ্য পরিবর্তন করেছে। সেই পরিবর্তনের ধারাবাহিকতায় বাংলাদেশ এগিয়ে চলেছে, সে কারণেই সৎ সাহস নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে নৌকা মার্কায় ভোট চাই। এই ১৫ বছরে কিছু কিছু মানুষ তো খারাপ কাজ করেছে, তার দায় তো আওয়ামী লীগের নয়। সেই দায় সেই সব মানুষের। বড়গাছিবাসীকে পরিষ্কার বলতে চাই, আমি দীর্ঘদিনের রাজনৈতিক পথচলা মানুষ। আমার রাজনৈতিক জীবনে কোনো কলঙ্ক নাই। আমি রাজনীতি করি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে, শেখ হাসিনার নেতৃত্বে। আমার রাজনীতি অর্থ উপার্জনের জন্য নয়, সম্মান উপার্জনের জন্য।
তিনি আরও বলেন, বিএনপি নাকি অসহযোগ আন্দোলন ডাক দিয়েছে। আপনাদের অসহযোগ নিয়ে আমাদের কোনো কথা নাই। আপনার বিবেককে একবার প্রশ্ন করুন, এই ১৫ বছরে আপনি বিএনপি করে কতটা লোকসান করেছেন নাকি লাভ করেছেন! আপনার বিবেক যদি বলে লাভবান হয়েছেন, দয়া করে সন্ত্রাসী কর্মকাণ্ডের নেতৃত্বকে আর মেনে নিয়েন না। বড়গাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গাফফারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. তবিবুর রহমান, রাজশাহী জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক এডভোকেট পুর্ণিমা ভট্টাচার্য, যুব ও ক্রীড়া সম্পাদক মোস্তাক আহমেদ, সাবেক দপ্তর সম্পাদক ফারুক হোসেন ডাবলু, সাবেক উপ-দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, রাজশাহী জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলি আজম সেন্টু, সাবেক সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন মিলন, পবা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মোস্তফা, বড়গাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসাইন সাগর, বড়গাছি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজহার আলী তালুকদার, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জিয়াউর রহমান প্রমুখ। পবা উপজেলা যুবলীগের সভাপতি এমদাদুল হকের সঞ্চালনায় সভায় স্থানীয় পর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও সাধারণ নারী পুরুষ উপস্থিত ছিলেন।