স্টাফ রিপোর্টার : রাজশাহী-২ (সদর) আসনের এমপি ফজলে হোসেন বাদশা বলেছেন, অনেকেই জনপ্রতিনিধি হয়ে জনগণের অসুবিধার কথা তুলে ধরতে চান না। কিন্তু আমি জনপ্রতিনিধি বলতে জনস্বার্থের রক্ষককেই বুঝি। যিনি জনস্বার্থ রক্ষা করতে পারবেন তিনিই জনপ্রতিনিধি। জনস্বার্থ রক্ষা করা তার দায়িত্ব। গতকাল সোমবার সকালে রাজশাহী নগরীর শাহ্মখদুম কলেজে একটি ছয়তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করতে গিয়ে তিনি এ কথা বলেন।
উদ্বোধন শেষে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফজলে হোসেন বাদশা কলেজে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন। সভায় তিনি বলেন, আমি মনে করি দেশ এবং জাতিকে এগিয়ে নিতে হলে কি কি দুর্বলতা আছে সেগুলো বের করতে হবে। আর আমি বারবার সংসদে সেই দুর্বলতার কথাই তুলে ধরেছি। কিন্তু অনেক জনপ্রতিনিধিই সমাজের দুর্বলতা তুলে ধরতে চান না। উন্নয়ন চাইলে দুর্বলতাও তুলে ধরতে হবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন শাহ্মখদুম কলেজ গভর্নিং বডির সভাপতি প্রফেসর নূরল ইসলাম। উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ এসএম রেজাউল ইসলাম, উপাধ্যক্ষ সাদিকুল ইসলাম, সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান, তসিকুল ইসলাম রাজা, গভর্নিং বডির সদস্য বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন প্রমানিক, কবি আরিফুল হক কুমার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী উজ্জল কুমার রায় প্রমুখ। সভা পরিচালনা করেন প্রভাষক মিজানুর রহমান।