এফএনএস : দীর্ঘ ১৭ বছর পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ জিতল পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে পেসারদের দাপটে দ্বিতীয় টেস্টে তারা প্রোটিয়াদের হারিয়েছে ৯৫ রানে। ম্যাচে ১০ উইকেট নিয়ে পাকিস্তানের জয়ের নায়ক ম্যাচ সেরা হাসান আলী। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে সপ্তম স্থানে চলে গিয়েছিল পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে একটি সিরিজ জিতেই আবার দুই ধাপ এগিয়েছে দলটি। দীর্ঘ ১৪ বছর পরে পাকিস্তান সফরে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে শ্রীলঙ্কাকে ধবলধোলাই করে ফুরফুরে মেজাজেই পাকিস্তান সফরে গিয়েছিল তারা। অপরদিকে, নিউজিল্যান্ড ধবলধোলাই হয়ে ফেরা পাকিস্তান দল, কোচ ও পুরো টিম ম্যানেজমেন্টের ওপরে ছিল বড় চাপ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্কোয়াডেও পাকিস্তান একাধিক পরিবর্তনসহ ৬ নতুন ক্রিকেটারকে ডেকেছিল। তাতে ফলও পেয়েছে। দীর্ঘদিন পরে টেস্ট দলে ফিরে হাসান আলি দুর্দান্ত পারফর্ম করেছেন। দলের জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। অভিষিক্ত নোমান আলিও আলো কেড়েছেন দুই ম্যাচেই। পরীক্ষিত শাহীন আফ্রিদি, ইয়াসির শাহ, মোহাম্মদ রিজওয়ানরাও অধিনায়ক বাবর আজমকে আস্থার প্রতিদান দিয়েছেন। ফলে দুইটি ম্যাচই জিতেছে পাকিস্তান। টানা দুই ম্যাচের সাথে সিরিজ জয় করে পাকিস্তান সপ্তম স্থান থেকে উঠে গেল পঞ্চম স্থানে। এখন তাদের রেটিং পয়েন্ট হয়েছে ৯০।
এই সিরিজের আগে পঞ্চম স্থানে ছিল দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের কাছে হেরেই সেই স্থান হারিয়ে এখন ষষ্ঠ স্থানে প্রোটিয়ারা। তাদের রেটিং ৮৯। ফলে একধাপ পিছিয়েছে শ্রীলঙ্কাও। ৮৩ রেটিং নিয়ে তারা আছে সপ্তম স্থানে। যথারীতি প্রথম স্থানে আছে নিউজিল্যান্ড। তাদের রেটিং ১১৮.৪৪। খুবই সামান্য ব্যবধানে নিয়ে দ্বিতীয় স্থানে আছে ভারত। তাদের রেটিং ১১৭.৬৫। তৃতীয় ও চতুর্থ স্থানে আছে যথাক্রমে অস্ট্রেলিয়া (১১৩) ও ইংল্যান্ড (১০৮)। ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ যথাক্রমে অষ্টম (৭৭) ও নবম স্থানে (৫৫) আছে। রিজ সেরা হয়েছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান।