শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে চারটি ট্রাকে ৩৬ মেট্রিক টন কাঁচা মরিচ প্রবেশ করেছে। সোমবার (০৩ জুলাই) সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই ট্রাকগুলো প্রবেশ করে। এর ফলে চাঁপাইনবাবগঞ্জসহ এর আশপাশের বাজারগুলোতে কাঁচামরিচের দাম কমতে শুরু করেছে। এর আগে সপ্তাহজুড়ে ৭০০-১০০০ টাকা কেজি দরে মরিচ বিক্রি হয়েছে খুচরা বাজারে। সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার প্রভাত কুমার সিংহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল থেকে বিকেল পর্যন্ত ৩৬ মেট্রিক টন কাঁচা মরিচ স্থলবন্দরে প্রবেশ করেছে। আগামীকাল আরও কাঁচা মরিচের ট্রাক ভারত থেকে আমদানি করবে ব্যবসায়ীরা। পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলাম বলেন, সকাল থেকে মরিচ আসা শুরু হয়েছে সোনামসজিদ বন্দরে। এখন পর্যন্ত মরিচ ভর্তি চারটি ট্রাক পানামা ইয়ার্ডে প্রবেশ করেছে। এর আগে সর্বশেষ ২৬ জুন একটি ট্রাকভর্তি কাঁচা মরিচ আমদানি করেছিলেন ব্যবসায়ী।