মেধা অনুসারে প্রধানমন্ত্রীর উপহার না দেয়ার অভিযোগ
শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি মাদ্রাসায় মেধাবীদের প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ট্যাব বিতরণে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে। এ নিয়ে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষার্থী তৌহিদা খাতুন ও সুইটি খাতুন। অভিযোগে বলা হয়, উপজেলার চাতরা ইসলামী কালচারাল ইনিস্টিটিউট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবদুস শুকুর, ইংরেজী বিষয়ের শিক্ষক খাদেমুল ইসলাম ও অফিস সহকারী সাইফুল ইসলামের যোগসাজসে দাখিল পরীক্ষার্থী ও পুরাতন দশম শ্রেণির মেধা অনুসারে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর উপহার ট্যাব না দিয়ে দাখিল পরীক্ষার্থী ও পুরাতন দশম শ্রেণীর ২১তম, ২৭তম ও ৩০ তম স্থান অধিকারী তিন শিক্ষার্থীকে ট্যাব দেওয়া হয়েছে। ট্যাব পাওয়া শিক্ষার্থীরা হলো- আবিদা খাতুন রোল ২১, শ্রেণী ১০ম (পুরাতন) ও দাখিল পরীক্ষার্থী, অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ১২৯২, মারুফ ইসলাম রোল ২৭, শ্রেণী ১০ম (পুরাতন) দাখিল পরীক্ষার্থী, অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ১০০৩ এবং আবু দাউদ রোল ৩০, শ্রেণী ১০ম (পুরাতন), অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষায তার প্রাপ্ত নম্বর ৯৯৭। এদিকে উপহার বঞ্চিত শিক্ষার্থীরা হলো- আব্দুল্লাহ, রোল ১, শ্রেণী ১০ম (পুরাতন) ও দাখিল পরিক্ষার্থী, অর্ধবার্ষিক ও বাষিক পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ১২৯৩, মোসা. তৌহিদা খাতুন রোল ২, (পুরাতন) ও দাখিল পরীক্ষার্থী, অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ১৩৪৯ এবং মোসা. সুইটি খাতুন রোল নং ৩, শ্রেণী ১০ম (পুরাতন) ও দাখিল পরীক্ষার্থী, অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ১২৮৫। এ বিষয়ে জানতে অধ্যক্ষ আবদুস শুকুরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মিটিংয়ে ব্যস্ত আছি। পরে কথা বলবো। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত অভিযোগ পাবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি তদন্ত করে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
