নির্বাচনী কাজে সরকারি গাড়িতে আসলেন নাচোলের মেয়র!
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আসন্ন পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে নির্বাচনী কাজে পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালুর বিরুদ্ধে সরকারি গাড়ি ব্যবহারের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকালে তিনি সরকারি গাড়িতে চড়ে জেলা শহরের চাঁপাইনবাবগঞ্জ নির্বাচন অফিসে মনোনয়ন বাছাই কার্যক্রমে অংশ নেন। এসময় তার সঙ্গে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। নির্বাচনী বিধি অনুযায়ী কোন মেয়র প্রার্থীরা নির্বাচনী কোন কাজে সরকারি গাড়ি ব্যবহার করতে পারবেন না এমন নির্দেশনা থাকার পরও কিভাবে নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু নিজ নির্বাচনী কাজে সরকারি গাড়ি ব্যবহার করছেন এমন অভিযোগ করেছেন নাচোল পৌরসভার নির্বাচনে মেয়রপদে একজন সতন্ত্র প্রার্থী।
এমনকি একটি ছবিতে দেখা যায় নির্বাচন অফিসের সামনে থাকা মেয়র ঝালুর গাড়ি দাড়িয়ে আছে। তবে অভিযোগ অস্বীকার করে বর্তমান মেয়র ও নৌকা প্রতীকের প্রার্থী আব্দুর রশীদ খান ঝালু মুঠোফোনে জানান, নির্বাচনী কাজে সরকারি গাড়ি ব্যবহার করিনি। এছাড়া আজকে গাড়ি মেরামত করতে চাঁপাইনবাবগঞ্জ শহরে নিয়ে যাওয়া হয়েছে। নির্বাচনী কাজে শহরে সরকারি গাড়ি নয়, বরং মাইক্রো ভাড়া করে নিয়ে গেছেন বলে জানান তিনি। তবে নাম না প্রকাশ করার শর্তে নাচোল পৌরসভার কয়েকজন আওয়ামীলীগ নেতা বিষটি সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালে তিনি সরকারি গাড়িতে চড়ে চাঁপাইনবাবগঞ্জ নির্বাচন অফিসে মনোনয়ন বাছাই কার্যক্রমে অংশ নেন।
জেলা নির্বাচন অফিসের সিসি ক্যামেরায় রাস্তার ধারে মেয়রের গাড়িতে চড়ে যাওয়ার চিত্র পাওয়া যাবে। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক একেএম তাজকির-উজ-জামান বলেন, নির্বাচনী কাজে বা ব্যক্তিগত কাজে কোন ক্রমেই সরকারি গাড়ি ব্যবহার করা যাবেনা। তফসিল যেহেতু ঘোষণা হয়ে গেছে সেহেতু কোন মেয়র সরকারি গাড়ি নির্বাচণী কাজে ব্যবহার করলে সেটি আচরণ বিধি লঙ্ঘনের মধ্যে পড়ে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। নাচোল উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটানিং অফিসার আব্দুস সামাদ জানান, নির্বাচনী কাজে মেয়র সরকারি গাড়ি ব্যবহার করতে পারবেন না। আনুষ্ঠানিক অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
