নিতপুর সীমান্তে দুই ভারতীয় নাগরিক আটক
পোরশা প্রতিনিধি
নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তে ভারতীয় দুই নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। এর মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন। জানা গেছে, আটক ভারতীয় দুই নাগরিকের নাম প্রশান্ত সরদার (৩৯) ও মানো সরদার (৩৮)। প্রশান্ত সরদার মালদা জেলার ইংলিশ বাজার থানার ফুলবাড়ি গ্রামের মৃত জলদা সরদারের ছেলে। মনো সরদার মালদা জেলার হবিপুর থানার বাহাদুরপুর গ্রামের তপন সরদারের স্ত্রী। গত সোমবার দুপুরে নিতপুর সীমান্তের ২৩০/১০এস পিলার এলাকা দিয়ে বাংলাদেশের ৫শ গজ অভ্যন্তরে প্রবেশ করলে বিজিবি’র টহলদল তাদের ধাওয়া দিয়ে আটক করে। এ ব্যাপারে নিতপুর বিজিবি ক্যাম্পের সুবেদার আজিজুল ইসলাম জানান, আমরা গোপন সংবাদ পেয়ে সোমবার দুপুরে অবৈধ অনুপ্রবেশের অপরাধে তাদের আটক করি। ঐদিন রাতে পোরশা থানায় একটি মামলা করা হয়েছে এবং রাতেই থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। পোরশা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জানান, সোমবার রাতে মামলা হওয়ার পর, মঙ্গলবার সকালে ভারতীয় দুই নাগরিককে আদালতে পাঠানো হয়েছে।
