শিবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর জেম হত্যায় আরও ৫ জন গ্রেপ্তার
শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা খাইরুল আলম জেমকে কুপিয়ে হত্যা মামলায় আরও পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার রাতে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি উদ্ধার করা হয়েছে। এছাড়া আসামিদের দেওয়া তথ্য মতে, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রেলবাজার এলাকা থেকে হত্যায় ব্যবহৃত তিনটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হুজরাপুর কাজিপাড়ার মৃত এ চাঁনের ছেলে মিলন ওরফে বেলাল ইসলাম (৩৫), হুজরাপুর রেলবাজারের মৃত বিশু লাল চৌধুরীর ছেলে নিতাই চৌধুরী (৪৫), একই এলাকার আবদুল লতিফের ছেলে সাজু ইসলাম (২৮), বড় ইন্দারা-ইসলামপুর মহল্লার মৃত আবদুল ওদুদের ছেলে নূর আলম (৩২) ও সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের বেহুলা গ্রামের মাজাহারুল ইসলামের ছেলে রানা ওরফে ছোট রানা (৩০)। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ বলেন, খাইরুল আলম জেম হত্যার পর থেকে আসামিরা আত্মগোপনে চলে যান। রোববার রাতে দেশের বিভিন্ন স্থান থেকে পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতে এই মামলার এজাহারভুক্ত আরও পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদের রিমাণ্ড আবেদন করে আদালতে পাঠানো হবে। এর আগে গ্রেপ্তার হওয়া পাঁচ আসামি রিমাণ্ডে রয়েছেন। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ নিয়ে এই হত্যা মামলায় মোট ১৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল সন্ধ্যায় খাইরুল আলম জেম শহরের উদয়ন মোড়ের একটি হোটেল থেকে ইফতারি কিনে বাসায় ফেরার পথে সন্ত্রাসীদের হামলায় আহত হন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শষ্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শনিবার রাতে নিহতের ভাই মনিরুল ইসলাম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়রসহ ৪৮ জনের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন।
